লিন্ডসের বিরুদ্ধে আবারও চুরির অভিযোগ!
নেকলেস চুরির মামলায় কিছুদিন আগেও কম ভোগান্তি পোহাননি হলিউডের প্রবলেম সেলিব্রেটি খ্যাত লিন্ডসে লোহান। সম্প্রতি আবারও চুরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’ টিভি সিরিজের সেট থেকে তিনি একটি ব্রেসলেট চুরি করেছেন, দাবি সিরিজটির প্রযোজকদের।চার্লি শিন অভিনীত মার্কিন টিভি সিরিজ ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’-এর একটি পর্বে অতিথি চরিত্রে অভিনয় করেছেন লিন্ডসে। সম্প্রতি এর শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই অপকর্মটি করেছেন লিন্ডসে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মিররডটকম’।এ প্রসঙ্গে ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’ টিভি সিরিজের প্রযোজকেরা জানিয়েছেন, সিরিজটির দৃশ্য ধারণের সময় লিন্ডসের হাতে রঙিন একটি ব্রেসলেট দেখা গেছে যেটি তাঁর নয়। চুরি করা ব্রেসলেট পরেই শুটিং করেছেন তিনি। শুধু তাই নয়, শুটিং শেষে ব্রাজিল যাওয়ার পরও ব্রেসলেটটি হাত থেকে খোলেননি লিন্ডসে। এর আগে ২০১১ সালে ক্যালিফোর্নিয়ার একটি দোকান থেকে নেকলেস চুরি করে ফেঁসে গিয়েছিলেন লিন্ডসে।