লিন্ডসের ভয়
আদালতের নির্দেশে ক্যালিফোর্নিয়ার বেটিফোর্ড মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন লিন্ডসে লোহান। সম্প্রতি এক খবরে রাডার অনলাইন জানিয়েছে, সেখানকার সুস্বাদু সব খাবার খেয়ে মুটিয়ে যাওয়ার ভয়ে অস্থির সময় পার করছেন এই ‘মিন গার্লস’ তারকা। ২৬ বছর বয়সী এ অভিনেত্রীর দাবি অনুযায়ী, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিজঅর্ডার রোগে ভুগছেন বলে অ্যাডেরাল ওষুধ সেবন করাটা খুবই জরুরি তাঁর জন্য। কিন্তু অ্যামফিটামিনযুক্ত স্নায়ু-উদ্দীপক এ ওষুধ সেবন থেকে তাঁকে বিরত থাকতে বলেছেন চিকিত্সকেরা। মাদকাসক্তি ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ড্রিউ পিনস্কাই-এর মতে, বিতর্কিত এ ওষুধটি দীর্ঘদিন সেবন করলে আসক্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য লিন্ডসেকে অ্যাডেরালের পরিবর্তে অন্য ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন বেটিফোর্ড ক্লিনিকের চিকিত্সকরা। কিন্তু লিন্ডসে তা মেনে নেননি। উলটো রিহ্যাব ছাড়ার হুমকি দিয়েছেন। রিহ্যাব ছাড়ার অন্যতম কারণ হিসেবে তিনি বলেছেন, অ্যাডেরাল বন্ধ করে দিলে মুটিয়ে যাবেন তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লিন্ডসে বছরের পর বছর ধরে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারার পুরো কৃতিত্ব দিয়েছেন অ্যাডেরালকে। কারণ এ ওষুধটি মানুষের ক্ষুধা কমিয়ে দেয়। বেটি ফোর্ড ক্লিনিকের কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, চিকিৎসা প্রক্রিয়া শুরুর পর তাঁরা প্রচণ্ড মুটিয়ে গেছেন। এসব শুনে মুটিয়ে যাওয়ার শঙ্কায় অস্থির হয়ে পড়েছেন লিন্ডসে। সূত্রটি আরও জানিয়েছে, লিন্ডসে প্রতিদিন বিকেলে নিয়ম করে শরীরচর্চা করছেন। কারণ কোনো অবস্থাতেই শরীরের ওজন বাড়তে দিতে নারাজ এ তারকা অভিনেত্রী। বেটিফোর্ডের পরিবর্তে অন্য কোনো মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে তাঁকে স্থানান্তরের ব্যবস্থা করতে বলেছেন হলিউডের এ ‘প্রবলেম সেলিব্রেটি’।