লিন্ডসের মৃত্যুর আশঙ্কা!
হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমা পাওয়া লিন্ডসে লোহানের মৃত্যুর আশঙ্কা করছেন তাঁর বাবা মাইকেল লোহান। তিনি মনে করছেন, লিন্ডসে যেভাবে মাদকে আসক্ত হয়ে পড়েছেন এমনটা চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে মাত্রাতিরিক্ত মাদক সেবনে তাঁর মৃত্যু ঘটবে। এ জন্য লিন্ডসের যথাযথ চিকিত্সার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন মাইকেল লোহান। এ প্রসঙ্গে মাইকেল বলেন, ‘আমার ভয় হচ্ছে, যেকোনো মুহূর্তে লিন্ডসের ভয়ংকর পরিণতির খবর শুনতে হবে আমাকে। সব সময় তটস্থ হয়ে ফোনের পাশে বসে থাকি। আমি চাই না, অ্যামি ওয়াইনহাউজের মতো পরিণতি হোক লিন্ডসের। অ্যামি অনেক প্রতিভাবান ছিল এবং কারও কথা না শোনায় মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে তাঁকে।’ জানিয়েছে ‘ফিমেলফার্স্টডটকম’।মাইকেল আরও বলেন, ‘আসছে জুলাইয়ে ২৭ বছরে পা রাখবে লিন্ডসে। নির্দিষ্ট এই বয়সে মাত্রাতিরিক্ত মাদক সেবনে মারা গেছেন অনেক প্রতিভাবান শিল্পী। সেই মৃত্যুর মিছিলে লিন্ডসে যোগ দিতে যাচ্ছে কি না—সব সময় এই শঙ্কা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।’এদিকে, লিন্ডসের মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল জীবন যাপনের জন্য নিজেকেই দায়ী করেছেন মাইকেল লোহান। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘২০০৭ সালে লিন্ডসের মা ডিনার সঙ্গে আমার বিচ্ছেদ হওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত। ওই বছর থেকেই নানা উলটাপালটা কীর্তি ঘটানো শুরু করে লিন্ডসে। একই বছরে দুবার গ্রেপ্তার হওয়ার পাশাপাশি তিনবার মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়েছিল তাকে।’ মাইকেল আরও বলেন, ‘২০০৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মামলা হয় লিন্ডসের বিরুদ্ধে। এরপর তো মামলা আর সাজা যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। সব সময় মনে হয়, আমার মেয়ের এমন করুণ পরিণতির জন্য আমিই দায়ী। সম্প্রতি লিন্ডসের হোটেল রুমে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলাম। সে আর আগের মতো নেই, সম্পূর্ণ বদলে গেছে। আমার চিরচেনা মেয়েকে আমি খুঁজে পাইনি।’