লিসা প্রিসলিকে লেখা জ্যাকসনের চিঠি নিলামে!
নব্বইয়ের দশকে লিসা মেরি প্রিসলিকে একটি চিঠি লিখেছিলেন পপ কিং মাইকেল জ্যাকসন। সম্প্রতি চিঠিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে জুলিয়েনস অকশন। ঠিকমতো ঘুমাতে না পারার যন্ত্রণা থেকে রেহাই পেতে প্রপোফল সেবন শুরু করেছিলেন মাইকেল জ্যাকসন। শেষ পর্যন্ত সেই প্রপোফলই কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। প্রপোফল বিষক্রিয়ায় ২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে মারা যান তুমুল জনপ্রিয় এ মার্কিন পপগায়ক। প্রপোফল সেবনের বিষয়টি সবার গোচরে আসার আগে নব্বইয়ের দশকে লিসা মেরি প্রিসলিকে একটি চিঠি লিখেছিলেন জ্যাকসন। চিঠির ভাষায় স্পষ্ট ফুটে উঠেছে, তিনি ঘুমের জন্য শিশুর মতো আর্তনাদ করছেন। চিঠিটিতে জ্যাকসন লিখেছিলেন, ‘লিসা, গত চার দিনে একদণ্ডও ঘুমাতে পারিনি। সত্যিই আমার বিশ্রামের প্রয়োজন। মানুষজন এবং ফোন-কল থেকে দূরে থাকাটা খুবই জরুরি হয়ে পড়েছে। আমাকে আমার শরীরের যত্ন নিতেই হবে। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।’ চিঠির নিচে নিজের ডাক নাম ‘লাভ টার্ড’ নামে স্বাক্ষরও করেছিলেন জ্যাকসন।ধারণা করা হচ্ছে, ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে কোনো এক সময়ে লিসা মেরি প্রিসলিকে চিঠিটি লিখেছিলেন জ্যাকসন। চিঠিটি নিলামে তোলার প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন করেছে জুলিয়েনস অকশন। হাজার ডলারেরও বেশি মূল্যে এটি বিকোবে বলেই প্রত্যাশা নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠানের। কিন্তু এই নিলামে বাধ সেধেছেন স্বয়ং লিসা মেরি প্রিসলি। চিঠিটি তিনি নিলামে না তোলার অনুরোধ করেছেন। কিন্তু তার পরও সিদ্ধান্তে অটল রয়েছে জুলিয়েনস অকশন। এ প্রসঙ্গে এর প্রতিষ্ঠাতা ড্যারেন জুলিয়েনের উদ্ধৃতি দিয়ে টিএমজি জানিয়েছে, ‘আমরা লিসা মেরি প্রিসলির এমন অনুরোধকে সম্মান জানাতে চাই। আমার ধারণা, ব্যক্তিগত আবেগ থেকেই তিনি এমনটা করেছেন। আশা করছি, তাঁর সঙ্গে ভবিষ্যতেও আমাদের সুসম্পর্ক বজায় থাকবে।’ উল্লেখ্য, ১৯৯৪ সালে জ্যাকসন ও লিসা মেরি প্রিসলি বিয়ে করেছিলেন। তাঁদের সংসার টিকেছিল দুই বছর।