লীনুর নাটকে মা নওশীন আর মেয়ে নোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেব্রুয়ারি মাসে একটা নাটকের কাজ করতে গিয়েছিলাম ব্যাংককে। সেখানে হোটেলের লবিতে নোভার সঙ্গে ছবি তুলেছিলাম। পরে ফেসবুকে ছবিটি দিয়ে লিখেছিলাম, মি অ্যান্ড মাই ডটার। ছবিটি দেখে অনেকেই মজার মজার মন্তব্য করেছিলেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এখন আমরা দুজন একটি নাটকে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করছি। আর এই অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে মাত্র কয়েক দিন আগে।’ বললেন নওশীন। নওশীন ও নোভা এবার অভিনয় করছেন নিভৃতে নির্জনে নাটকে। লিখেছেন টেবিল টেনিসের তারকা জোবেরা রহমান লীনু। এটি তাঁর লেখা দ্বিতীয় নাটক। প্রথমটি ছিল ভালোবাসার হলুদ বৃষ্টি। দেখানো হয়েছিল চ্যানেল আইয়ে গত রোজার ঈদে।গতকাল সোমবার নাটকটির শুটিং হলো লীনুর বাসায়। ছবিটির গল্প প্রসঙ্গে লীনু জানান, স্বামীর মৃত্যুর পর স্ত্রী একা হয়ে যায়। একসময় মেয়েও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মায়ের জীবনে নতুন কোনো পুরুষ আসুক—এ ব্যাপারটা কোনো সন্তান মেনে নিতে চায় না। কিন্তু প্রত্যেকেরই একটা জীবন আছে। অবচেতন মনে মায়ের কাউকে ভালো লাগতেই পারে। এ সময় সব জটিলতা দূর করতে মা ও মেয়ের পাশে এসে দাঁড়ায় একজন। সে সবকিছুর সমাধান দিতে চায়।নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম। এতে আরও অভিনয় করছেন অপূর্ব।