লীলা হচ্ছেন কুসুম

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ‘দিঘির জলে কার ছায়া গো’ উপন্যাসের লীলা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কুসুম শিকদার। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে নাটকের নামও রাখা হয়েছে ‘দিঘির জলে কার ছায়া গো’। নাটকটি পরিচালনা করবেন জুয়েল রানা। জানা গেছে, সামনের মাসে নাটকটির শুটিং শুরু হবে। এই নাটকটিতে অভিনয়ের মধ্য দিয়ে এবারই প্রথম হুমায়ূন আহমেদ সৃষ্ট কোনো চরিত্রে অভিনয় করবেন কুসুম। এজন্য তিনি বেশ বেশ উচ্ছ্বসিত।কুসুম শিকদার জানান, ‘দিঘির জলে কার ছায়া গো আমার অনেক পছন্দের একটি উপন্যাস। বেশ কয়েকবার পড়েছি। নাটকটিতে যখন কাজ করার প্রস্তাব পেলাম, তখন আবারও পড়েছি। চরিত্রটির জন্য নিজেকে তৈরি করছি।’কুসুম আরও বলেন, ‘বাস্তবের লীলা চরিত্রটি বেঁচে নেই। লেখক তাঁর সৃষ্টির মধ্য দিয়ে তাঁকে বাঁচিয়ে রেখেছেন। আর সেই লীলা চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছি আমি। এজন্য আমি অনেক বেশি আনন্দিত।’
কুসুম শিকদার আরও জানান, ‘হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু তাঁর অমর সৃষ্টি তাঁকে বাঁচিয়ে রাখবে অনেকদিন। বেঁচে থাকলে হয়তো লীলা চরিত্রটি সম্পর্কে তাঁর কাছ থেকে আরও অনেক কিছুই জানতে পারতাম। মনে হচ্ছে লীলা চরিত্রটি ফুটিয়ে তোলা অনেক কষ্টসাধ্য হবে, তারপরও চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করব।’