লীলা হচ্ছেন কুসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই উপন্যাসের নায়িকা লীলা। আমার মেয়ে লীলাবতীর নামে নাম। লীলাবতী কোনো দিন বড় হবে না। আমি কল্পনায় তাকে বড় করেছি। চেষ্টা করেছি ভালোবাসায় মাখামাখি একটা জীবন তাকে দিতে। মা লীলাবতী। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।’ হুমায়ূন আহমেদ তাঁর দিঘির জলে কার ছায়া গো উপন্যাসটি উৎসর্গ করেছিলেন তাঁর মেয়ে লীলাবতীকে। উপন্যাসটি মেয়েকে উৎসর্গ করে লিখেছিলেন এই কথাগুলো। এবার হুমায়ূন আহমেদের এই উপন্যাস নিয়ে ২৬ পর্বের ধারাবাহিক নাটক তৈরি করছেন জুয়েল রানা। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে নাটকের নাম, দিঘির জলে কার ছায়া গো। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ‘লীলা’। এই চরিত্রে অভিনয় করবেন কুসুম শিকদার। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটির শুটিং শুরু হবে। কুসুমের সঙ্গে এরই মধ্যে তাঁদের আলোচনা চূড়ান্ত হয়েছে।কুসুম শিকদার বলেন, ‘উপন্যাসটি আগেই পড়েছিলাম। শুটিংয়ে যাওয়ার আগে আবারও পড়েছি। এই উপন্যাসের সঙ্গে হুমায়ূন আহমেদের অন্য রকম ভালোবাসা জড়িয়ে আছে। তাঁর সেই ভালোবাসার চরিত্র লীলার জন্য নিজেকে তৈরি করছি। হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের মধ্যে অন্যতম। তিনি আজ আমাদের মাঝে নেই। বেঁচে থাকলে হয়তো লীলা সম্পর্কে তাঁর কাছ থেকে অনেক কিছুই জানতে পারতাম। লীলাও নেই। পর্দায় লীলা চরিত্রটিকে ফুটিয়ে তোলা মোটেও সহজ কাজ হবে না, তার পরও আমি শতভাগ চেষ্টা করব।’