লুকানো ক্যামেরার শিকার
লুকানো ক্যামেরার মাধ্যমে দৃশ্য ধারণ করে ইন্টারনেটে বা মুঠোফোনের মাধ্যমে প্রচার করে মেয়েদের সঙ্গে প্রতারণা এখন আর কোনো নতুন ঘটনা নয়। প্রযুক্তির অপব্যবহার করে এমন অপরাধ ঘটছে অহরহ। আর এই অপরাধের সঙ্গে জড়িত সমাজের কিছু শিক্ষিত সন্ত্রাসী। মুক্ত কর এ বন্ধ টেলিছবির গল্পে ঠিক এমন একটি ঘটনার শিকার হলেন কুসুম শিকদার। এটি লিখেছেন রফিকুল ইসলাম এবং পরিচালনা করেছেন লুৎফুন্নাহার মৌসুমী। কুসুম শিকদার বললেন, ‘মা-বাবা একটি মেয়ের খুব ভালো বন্ধু। বিপদের সময় মেয়েটি যদি তাঁদের কাছে আশ্রয় পায়, তাহলে আর কিছুর প্রয়োজন হয় না। কিন্তু এ রকম ঘটনায় দেখা যায় মা-বাবাই বিরূপ আচরণ করেন। অনেক ক্ষেত্রে তাঁরা সন্তানের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নেন। অসহায় মেয়েটি তখন আত্মহত্যার পথ বেছে নেয়। এই টেলিছবিতে আমি এ রকম একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি।’তিনি আরও বললেন, ‘টেলিছবি হলেও আমি মনে করি, এর মাধ্যমে সচেতনতা তৈরি হবে। আর গল্পটা এ সময়ের জন্য খুবই প্রয়োজন। এমন একটি কাজ করতে পেরে আমার ভালো লাগছে। আমি বলব, মেয়েদের আরও সচেতন হওয়া উচিত। পাশাপাশি এসব অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’ আজ দুপুরে টেলিছবিটি দেখানো হবে চ্যানেল আইতে।