লুকাসফিল্ম কিনল ডিজনি
‘স্টার ওয়ারস’ ও ‘ইন্ডিয়ানা জোনস’খ্যাত মার্কিন চিত্রনির্মাতা ও প্রযোজক জর্জ লুকাসের মালিকানাধীন লুকাসফিল্ম কিনে নিয়েছে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি। গত ৩০ অক্টোবর মঙ্গলবার ৪.০৫ বিলিয়ন ডলারে লুকাসফিল্ম কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে ডিজনি।তুমুল জনপ্রিয় ‘স্টার ওয়ারস’ সিরিজের সপ্তম সিক্যুয়েল ‘স্টার ওয়ারস: এপিসোড ৭’ তৈরির পরিকল্পনার কথাও জানানো হয়েছে ডিজনির পক্ষ থেকে। ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালে। এই ছবি মুক্তির পর প্রতি দুই থেকে তিন বছর পর পর ‘স্টার ওয়ারস’ সিক্যুয়েল উপহার দেবে বলেও জানিয়েছে ডিজনি। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে ‘দ্য গার্ডিয়ান’। ডিজনির সঙ্গে লুকাসফিল্মের স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে লুকাসফিল্মের শতভাগ মালিকানা দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির। মোট দামের অর্ধেক দিতে হবে নগদে, বাকিটা ডিজনির শেয়ারে বিনিয়োগ করতে পারবে লুকাসফিল্ম।এ প্রসঙ্গে ৬৮ বছর বয়সী জর্জ লুকাস বলেন, ‘আমার বয়স হয়েছে। “স্টার ওয়ারস”কে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব নতুন প্রজন্মের নির্মাতাদের হাতে তুলে দেওয়ার জন্য এখনই আদর্শ সময়। আমি সব সময় বিশ্বাস করে এসেছি, “স্টার ওয়ারস” সিরিজের যাত্রা আমার জীবনকালকে ছাপিয়ে যাবে। এ সিরিজের হাল ধরবে অন্য কেউ—বেঁচে থাকতেই এটা দেখে যেতে চেয়েছিলাম আমি। আমার কাছে এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, যা শেষ পর্যন্ত সম্পন্ন হলো।’ লুকাস আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, “স্টার ওয়ারস” হারিয়ে যাবে না। ভবিষ্যত্ প্রজন্মের মানুষের কাছে বহুকাল ধরে বেঁচে থাকবে।’ ‘স্টার ওয়ারস’ সিরিজের পরবর্তী ছবিটি পরিচালনা না করলেও এর ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করবেন জর্জ লুকাস।