লুক্সার থিয়েটারে 'শুনতে কি পাও!'
ফ্রান্সের প্যারিসের লুক্সার থিয়েটারে প্রদর্শন করা হবে শুনতে কি পাও! ছবিটি। ১৯২১ সালে তৈরি এই থিয়েটার প্রায় ২৫ বছর বন্ধ ছিল। আবার চালু হয় গত বছর। এরপর রাজনীতিসচেতন তরুণদের কাছে মুক্তচিন্তা আর সংস্কৃতিচর্চার জন্য জনপ্রিয় হয়ে ওঠে লুক্সার থিয়েটার। এখন এই থিয়েটারে ধ্রুপদি অথবা আন্তর্জাতিকভাবে পুরস্কার পাওয়া ছবিগুলোই প্রদর্শন করা হচ্ছে।
কম্বোডিয়ার বিশ্বখ্যাত নির্মাতা রিতি পানের নেতৃত্বে প্যারিসের চলচ্চিত্রকর্মী আর সংস্কৃতিকর্মীদের উদ্যোগে এখানে এবার ‘একটি দেশ, একটি ছবি, একজন পরিচালক ও একটি আলোচনা’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পরিচালক কামার আহমাদ সাইমনকে। ১৩ মে লুক্সার থিয়েটারে তাঁর শুনতে কি পাও! ছবির প্রদর্শনী হবে। এরপর দর্শকদের মুখোমুখি হবেন তিনি।
এদিকে কান চলচ্চিত্র উৎসবে নবীন নির্মাতাদের বিশেষ আসর ‘লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দ’-এ এবার আমন্ত্রণ পেয়েছেন পরিচালক কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীন।
১৪ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে কান চলচ্চিত্র উৎসব।