লুবনা মারিয়াম পেলেন ভুপেন হাজারিকা পুরস্কার
নৃত্য গবেষক ও শিল্পী লুবনা মারিয়াম পেলেন ‘ড. ভুপেন হাজারিকা ইন্টারন্যাশনাল সলিডারিটি অ্যাওয়ার্ড ২০১৩’। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির রবীন্দ্রভবনে গত ২৮ মার্চ বিকেলে লুবনা মারিয়ামের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগোই। সভাপতি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও আসাম সাহিত্য সভার সভাপতি ইমরান শাহ। আসাম সাহিত্য সভাকে সব দিক থেকেই সহযোগিতা করছে ভারত সরকারের নুমালিগড় রিফাইনারি লিমিটেড। পুরস্কারের মধ্যে রয়েছে প্রশংসাপত্র, একটি ট্রফি, আসামের ঐতিহ্যবাহী একটি সরাই এবং নগদ দুই লাখ টাকা। প্রতি দুই বছর অন্তর এই পুরস্কার দেওয়া হবে। প্রথমবারেই পুরস্কার পেলেন লুবনা মারিয়াম। ড. ভুপেন হাজারিকা ছিলেন আসামের সংস্কৃতি জগতের কিংবদন্তি। তিনি আসাম সাহিত্য সভার সভাপতিও ছিলেন। ভুপেন হাজারিকার হাত ধরেই অহমিয়া সংগীত জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতি পায়। আসাম সাহিত্য সভার শাখা সারা আসামেই ছড়িয়ে আছে। রাজ্যের ২৭টি জেলায় তো আছেই, গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা এই সভার মোট শাখা এক হাজার ১০০। প্রায় চার লাখ সদস্য এই সাহিত্য সভার। পুরস্কার দেওয়ার আগে আসাম সাহিত্য সভা প্রথমে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৪০ জনের কথা বিবেচনা করে। পরে ঠিক করে দক্ষিণ এশিয়ার কাউকে দেবে এই পুরস্কার। রাজনৈতিক ব্যক্তিত্বদের বাদ দেওয়া হয় তালিকা থেকে। ঠিক হয়, সংস্কৃতি জগতের কাউকে দেওয়া হবে পুরস্কার। শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করে লুবনা মারিয়ামকেই তারা বেছে নেয়।কেমন লাগল পুরস্কার পেয়ে? প্রশ্ন ছিল লুবনা মারিয়ামের কাছে। তিনি বললেন, ‘আমি সত্যিই খুব অবাক হয়েছি। নিজের দেশেই কাজের স্বীকৃতি পাই না! আসাম সাহিত্য সভা আমাকে খুঁজে বের করল, তাতে আনন্দিতও হয়েছি। দলে দলে সংস্কৃতিসেবীরা এসেছেন আমাকে দেখতে। আমি দুই সপ্তাহ ধরে তাঁদের বাংলাদেশ চিনিয়েছি। সংস্কৃতিই যে আমাদের সত্তা নির্ধারণ করে, সে কথা জানিয়েছি আলাপচারিতায়।’