লুলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেটালিকা-ভক্তদের জন্য লুলু অ্যালবামটি একটি বড় চমক। ২০১১ সালের অক্টোবর মাসে এটি বের হয়। লুলু হলো রকসংগীতশিল্পী লু রিড ও হেভি মেটাল ব্যান্ড মেটালিকার যৌথ অ্যালবাম। ইতিমধ্যে অ্যালবামটি বেশ সমালোচিত হয়েছে। আজ আমরা লুলু সম্পর্কে কথা বলব।২০০৯ সালে ‘রক অ্যান্ড রোল অব ফেম’-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে মেটালিকা ও লু রিড একসঙ্গে গান পরিবেশন করে। তখন থেকেই একটি যৌথ অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা তাদের মাথায় আসে। তবে সেই পরিকল্পনার দুই বছর পর ২০১১ সালের মে মাসে তারা অ্যালবামটি রেকর্ড করা শুরু করে। জুন মাসের মধ্যেই অ্যালবামটি রেকর্ড করার কাজ শেষ হয়ে যায়।অ্যালবামটি বের হওয়ার পর মেটালিকার ভক্তরা খুবই হতাশ হয়েছে। কেননা এই অ্যালবাম শুনলে মেটালিকার আগের সেই পরিচিত থ্রাশ মেটাল বা হেভি মেটাল ধারার কোনো ছাপ খুঁজে পাওয়া যায় না। এখানে তারা এমন ধরনের নিরীক্ষামূলক গান করেছে, যা ভক্তরা মেনে নিতে পারছে না। মেটালিকা নামক ব্যান্ডটি বিশ্বে থ্রাশ মেটাল ধারার অন্যতম পথপ্রদর্শক। অবশ্য লু রিডের ভক্তরা অ্যালবামটি সহজভাবেই নিয়েছে। লু রিডের পরিচয় একজন রক ধারার সংগীতশিল্পী হিসেবে। তিনি চার দশকের বেশি সময় ধরে সংগীতজগতে আছেন। তিনি ‘দ্য ভেলভেট আন্ডারগ্রাউল্ড’ নামক ব্যান্ডের গীতিকার, গিটারিস্ট ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতজীবনে প্রবেশ করেন। ১৯৭০ সালের পর থেকে তিনি একক শিল্পী হিসেবেই প্রতিষ্ঠা পান। এখন পর্যন্ত তিনি ২০টির ওপর একক অ্যালবাম প্রকাশ করেছেন। মেটালিকা ১৯৮১ সালে যাত্রা শুরু করেছিল। তারা তাদের দ্রুত লয়, গানের কথা, তার সঙ্গে যন্ত্রসংগীত ও আক্রমণাত্মক পরিবেশনশৈলী প্রদর্শন করে যে ধারার সৃষ্টি করেছে, তা সব মেটালপ্রেমীর জানা। এ কারণে তারা ‘দ্য বিগ ফোর অব থ্রাশ মেটাল’-এর অন্যতম ব্যান্ড। সারা বিশ্বের মেটাল-ভক্তরা তাদের গান শুনে উদ্বেলিত হয়েছে।লুলু একটি নিরীক্ষামূলক মেটাল ধারার সমন্বিত অ্যালবাম। অ্যালবামটিতে নাটকীয় একটা আবহ আছে। এখানে বেশ কিছু গান আছে আবৃত্তি করা। মেটালিকা-ভক্ত হিসেবে না শুনে সাধারণভাবে শুনলে গানগুলো ভালো লাগবে। লুলু বেশ উঁচুমানের নিরীক্ষামূলক নাটকীয় আবেগের মেটাল ধারার অ্যালবাম। অ্যালবামটি বের হওয়ার পর মেটালিকার অন্ধভক্তরা লু রিডের প্রাণনাশের হুমকিও দিয়েছে। লু রিড বলছেন, অ্যালবামটি শিক্ষিত কাব্য ও সাহিত্যপ্রেমী শ্রোতার জন্য করা হয়েছে।যে যা-ই বলুক, অ্যালবামটি সংগীতপ্রেমীদের অবশ্যই শোনা উচিত।মনোয়ারুল হক