লুসির গল্প

রাত। একটি ছেলে তার মায়ের কাছ থেকে মুঠোফোন চেয়ে নেয় বড় ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য। কথা বলতে গিয়ে মায়ের ফোনের টাকা যখন শেষ, সেই মুহূর্তেই মা তাকে টাকা রিচার্জ করে দেন নিজের বিকাশ ওয়ালেট থেকে।
ভাবছেন ছোট পর্দায় প্রচারিত হওয়া এ বিজ্ঞাপনের কথা কেন উল্লেখ করলাম? কারণ, এখন এ বিজ্ঞাপনচিত্রে মা চরিত্রে অভিনয় করা লুসি তৃপ্তি গোমেজের সঙ্গে কথা বলব আমরা। সম্প্রতি শাহনেওয়াজ কাকলীর উত্তরের সুর চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু লুসি বললেন, অভিনয়ের চেয়ে চলচ্চিত্র নির্মাণই তাঁকে বেশি টানে।
লুসির সঙ্গে যখন কথা হচ্ছে আমাদের, তখন দুপুর। প্রথম আলো কার্যালয়ে বসে আপন মনে কথা বলছেন লুসি। কথায় কথায় জানা গেল, বিকাশের যে বিজ্ঞাপনের জন্য লুসি এখন আলোচিত, সেই বিজ্ঞাপনচিত্রে অভিনয় করতেই অনীহা প্রকাশ করেছিলেন তিনি। বললেন, ‘বিজ্ঞাপনের চিত্রনাট্যটি আমি আগে পাইনি। পরে যখন দেখলাম, এখানে আমাকে নবম শ্রেণিপড়ুয়া ছেলের মায়ের চরিত্রে অভিনয় করতে হবে, তখন কেমন যেন লাগছিল; কিন্তু কপালের লিখন না যায় খণ্ডন...হা হা হা।’
হ্যাঁ, অভিনয়ের সঙ্গে লুসির জীবন জড়িয়ে যাওয়া যেন অনেকটা কপালের লিখনের মতোই। ছোটবেলা থেকে গান-কবিতা আবৃত্তি—এসবে বেশ পটু ছিলেন। সেই সূত্রে স্কুলে থাকতেই জড়িয়ে গেলেন থিয়েটারের সঙ্গে। পরে স্কুল-কলেজ পাস করে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনার জন্য যেতে চেয়েছিলেন পুনে ফিল্ম ইনস্টিটিউটে। কিন্তু হয়নি। অগত্যা, দুধের স্বাদ মেটালেন ঘোলে—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হলেন এবং পাসও করলেন। এ সময়ে নিজেকে থিয়েটারের গণ্ডিতেই আবদ্ধ রেখেছিলেন। লুসি বললেন, ‘এখন আমি নাট্যচক্রের সক্রিয় সদস্য। থিয়েটার করছি ১৯ বছর ধরে।’
তাহলে চলচ্চিত্রে কীভাবে এলেন?
‘শাহনেওয়াজ কাকলী আমার বন্ধু। তাঁর পিড়াপিড়িতেই সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছি।’
প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার—এটা কি ভেবেছিলেন?
‘একদমই না। ছবিতে আমাকে রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলতে হয়েছে। মনে আছে, প্রথম যখন এ ছবির শুটিং করছি, নিজের কাছে বারবার মনে হতো, ভাষা ঠিকমতো আয়ত্তে আসছে না। তাই কাকলীকে বলেছিলাম, আমাকে দিয়ে হবে না, আমাকে বাদ দাও। কিন্তু কাকলী বরাবরই আমার ওপর আস্থা রেখেছে।’
চমকপ্রদ তথ্য হলো, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী হলেও এখন আর অভিনয় করতে চান না লুসি তৃপ্তি গোমেজ। বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে ডাকঘর নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। ছবির শুটিংও শেষ।
আমাদের সঙ্গে লুসি যতক্ষণ কথা বলেন, বলেন নিজের জীবনের গল্প, সেখানে দেখি খুব বড় জায়গা নিয়ে আছে একটি স্বপ্ন—নির্মাতা হওয়ার স্বপ্ন।