লেট নাইট কফিতে মীর সাব্বির

আরটিভির ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানে এবার অতিথি হয়ে আসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক মীর সাব্বির।
এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমি অনেক আগেই এই অনুষ্ঠানে অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু এত দিন কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তাই অনুষ্ঠানটিতে যেতে পারিনি। তবে টিভিতে অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখেছি। আমার ভালো লেগেছে। অনুষ্ঠানটিতে আমন্ত্রিত হতে পেরে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি।’
সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’ মূলত রাত জাগা দর্শকদের জন্য। পুরো অনুষ্ঠানটি আরটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলেন আমন্ত্রিত অতিথি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রের অংশবিশেষ দেখানো হয়।
‘লেট নাইট কফি’ উপস্থাপনার দায়িত্বে রয়েছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটির এবারের পর্ব প্রচারিত হবে ২১ জুন শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে।