লেট লতিফ সাইফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান
সাইফ আলী খান

ইদানীং ছবির সেটে দেরি করে আসাটা যেন অভ্যাসে পরিণত হয়েছে পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের। ভারতের লক্ষ্নৌতে ‘বুলেট রাজা’ ছবির শুটিং করছেন এ তারকা অভিনেতা। প্রতিদিনই এক থেকে দেড় ঘণ্টা দেরিতে ছবির সেটে হাজির হচ্ছেন তিনি।অতিরিক্ত এই সময়টাতে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ছবির দলের সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত ১০০ পুলিশকে। এ জন্য পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছ থেকে সময়মতো ছবির সেটে হাজির হওয়ার নির্দেশনাও পেয়েছেন ‘লেট লতিফ’ সাইফ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে মুম্বাইভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডে ডটকম।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লক্ষ্নৌতে  পা রাখার পর থেকেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সাইফ। ‘বুলেট রাজা’ ছবির শুটিংয়ের জন্য তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই মুহূর্তের মধ্যে অন্তত এক থেকে দুই হাজার মানুষ জড়ো হচ্ছেন। এত মানুষের ভিড় মলাতে হিমশিম খেতে হচ্ছে ১০০ পুলিশ সদস্যকে। তার ওপর সাইফ এক-দেড় ঘণ্টা দেরি করে ছবির সেটে হাজির হওয়ায় তাঁকে কাছ থেকে একনজর দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন উৎসুক জনতা। দীর্ঘ সময় ধরে ভিড় সামলাতে গিয়ে পুলিশ সদস্যদের ঘাম ছুটে যাচ্ছে।
সূত্রটি আরও জানিয়েছে, এ অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ছবির সেটে হাজির হয়ে সাইফকে জানান, তাঁর দেরির কারণে পুলিশের পক্ষে ভিড় সামলানো অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। সাইফকে সময়মতো ছবির সেটে হাজির হওয়ার কথাও জানান তিনি।  ‘বুলেট রাজা’ ছবির কেন্দ্রীয় চরিত্রের নাম রাজা মিশরা। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন সাইফ আলী খান। অ্যাকশন ঘরানার ছবিটি রচনা ও পরিচালনার পাশাপাশি যৌথভাবে প্রযোজনাও করছেন ‘পান সিং তোমার’খ্যাত নির্মাতা তিগমাংশু ঢুলিয়া। ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন সোনাক্ষী সিনহা, জিমি শেরগিল, চাঙ্কি পান্ডে, রবি কিষান, গুলশান গ্রোভার, রাজ বাব্বর, সানি লিওন প্রমুখ। ‘বুলেট রাজা’ মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর।