লেনন-ওনো শান্তি পুরস্কার পেলেন লেডি গাগা (ভিডিও)
মার্কিন পপগায়িকা লেডি গাগাকে ‘লেনন-ওনো গ্র্যান্ট ফর পিস’ পুরস্কারে ভূষিত করলেন বিটলস তারকা প্রয়াত জন লেননের স্ত্রী ইয়োকো ওনো। ৯ অক্টোবর মঙ্গলবার আইসল্যান্ডে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে গাগার হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন ৭৯ বছর বয়সী এ লেখিকা, সংগীতশিল্পী ও শান্তিকর্মী। ২০০২ সালে স্বামী জন লেননের নামে এ পুরস্কার প্রবর্তন করেছিলেন ওনো। ওই বছর ইসরায়েল ও ফিলিস্তিনের শিল্পীদের পুরস্কার হিসেবে ৫০ হাজার ডলার দেওয়া হয়েছিল। সেই থেকে প্রতি দুই বছর পর পর এ পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। এ বছর পুরস্কৃত হলেন লেডি গাগা। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওনো বলেন, ‘তারকাখ্যাতি কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে নানা কাজে নিজেকে জড়িয়েছেন লেডি গাগা। বিশ্বের মানসিক মানচিত্রের পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছেন এই শিল্পী।’ওনো আরও বলেন, ‘নিঃসন্দেহে বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার লেডি গাগা। যখন কোনো শিল্পী খ্যাতির শীর্ষবিন্দু স্পর্শ করেন, তখন পেশাগত কাজের বাইরে এমন কিছু তিনি করতে চান না যা তাঁর খ্যাতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু লেডি গাগা তার ব্যতিক্রম। তিনি ঝুঁকি নিয়েছেন। এমন প্রশংসনীয় কাজকে উত্সাহ দিতেই তাঁকে পুরস্কৃত করা হয়েছে।’ অনুভূতি প্রকাশ করতে গিয়ে গাগা বলেন, ‘পুরো বিশ্বে তারুণ্যের ক্ষমতায়নকে আমি এই পুরস্কার উত্সর্গ করছি। আমি বিশ্বে শান্তি বজায় রাখার বার্তা পৌঁছে দিতে বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব। নৈরাশ্যবাদ উপড়ে ফেলার জন্য সাহসী হওয়ার আহ্বান রইল সবার প্রতি।’ভিডিও দেখতে ক্লিক করুন