লেননের খুনির পুনর্বাসনে মার্কিন মন্ত্রী!
বিটলস তারকা জন লেননের খুনি মার্ক ডেভিড চ্যাপম্যান মুক্তি পেলে তাঁর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন মার্কিন এক মন্ত্রী। শুধু কাজের প্রস্তাবই নয়, নিজের অ্যাপার্টমেন্টের ওপরের তলায় চ্যাপম্যানের থাকার ব্যবস্থাও করে দিতে চেয়েছিলেন ওই মন্ত্রী।১৯৮০ সালের ৮ ডিসেম্বর বিটলসের প্রখ্যাত গায়ক জন লেননকে খুনের দায়ে নিউইয়র্কের একটি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন চ্যাপম্যান। কারাগারে ভালো আচরণসহ বিভিন্ন প্রশিক্ষণে সাফল্য দেখানোয় সম্প্রতি প্যারোলে মুক্তির সম্ভাবনা ছিল তাঁর।এ মাসের শুরুর দিকে প্যারোল বোর্ডকে চ্যাপম্যান জানিয়েছিলেন, মুক্তি পেলে যুক্তরাষ্ট্রের একজন মন্ত্রী তাঁর থাকা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চেয়েছেন। অবশ্য শেষ পর্যন্ত চ্যাপম্যানকে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। এ নিয়ে সপ্তম বারের মতো তাঁর মুক্তির বিষয়টি প্রত্যাখ্যাত হলো। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।চ্যাপম্যানের লেখা একটি বিবৃতি সরবরাহ করেছে প্যারোল বোর্ড। সেখানে তিনি লিখেছেন, ‘নিউইয়র্কের মেদিনায় একজন প্রবীণ মন্ত্রী থাকেন। এলাকার অনেকের সঙ্গেই যোগাযোগ আছে প্রভাবশালী ওই মন্ত্রীর। তিনি আমাকে দু-দুটি কাজের প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, নিজের অ্যাপার্টমেন্টের ওপরের তলায় আমার থাকার ব্যবস্থাও করে দিতে চেয়েছেন।’রয়টার্স জানিয়েছে, ওই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও তাঁর ছেলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।