লেননের জন্য বিষণ্নতায় ভুগেছেন ম্যাকার্টনি

১৯৬৯ সালে বিটলস ব্যান্ড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য জন লেনন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ব্যান্ডটির আরেক সদস্য পল ম্যাকার্টনি। শুধু তা-ই নয়, তিনি বিষণ্নতায়ও ভুগেছেন। সেই দুঃসময়ে পলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁর প্রথম স্ত্রী লিন্ডা। লিন্ডার সহায়তায় সে যাত্রায় বিষণ্নতা থেকে মুক্তি পান পল। সংগীতবিষয়ক সাংবাদিক টম ডয়েলের লেখা ‘ম্যান অন দ্য রান: পল ম্যাকার্টনি ইন দ্য নাইন্টিন সেভেনটিস’ বইয়ে এসব তথ্য উঠে এসেছে। পল ম্যাকার্টনির আত্মজীবনীমূলক বইটি প্রকাশিত হয়েছে আজ শুক্রবার।
বইটির একটি অংশে লেখা হয়েছে, ‘দিনকে দিন পলের অবস্থা খারাপের দিকে ধাবিত হচ্ছিল। রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না। অনেক রাতই তাঁকে নির্ঘুম কাটাতে হয়েছে। দুশ্চিন্তা আর হতাশায় ডুবে চরম অস্তিত্ব সংকটে ভুগছিলেন তিনি। জীবনকে প্রথমবারের মতো পুরোপুরি অর্থহীন মনে হচ্ছিল তাঁর কাছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে মাদকে ডুবে থাকতেন পল।’

এদিকে এক সাক্ষাত্কারে পল বলেছেন, ‘সে যাত্রায় আমাকে রক্ষা করেছিল লিন্ডা। কোনো ধরনের চিকিত্সা ছাড়াই ঘরোয়া পরিবেশে লিন্ডা আমাকে সারিয়ে তুলেছিল।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘কন্ট্যাক্টমিউজিক’।
১৯৬৯ সালের মার্চে মার্কিন সংগীতশিল্পী ও আলোকচিত্রী লিন্ডা ইস্টম্যানকে বিয়ে করেছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাকার্টনি। ১৯৯৮ সালে লিন্ডার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এক ছাদের নিচে বসবাস করেছেন পল ও লিন্ডা। তাঁদের তিন সন্তান মেরি, স্টেলা ও জেমস।
পল দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন ২০০২ সালে। সাবেক ব্রিটিশ মডেল ও নারী-উদ্যোক্তা হিদার মিলসকে বিয়ে করেন তিনি। পরের বছর পলকে সন্তান উপহার দেন হিদার। ২০০৬ সালে পল ও হিদারের বিচ্ছেদ হয়ে যায়। ২০০৭ সালে নিউইয়র্কের ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের মেয়ে ন্যান্সি শেভেলের সঙ্গে প্রণয়ে জড়ান পল। তাঁরা বিয়ে করেন ২০১১ সালের অক্টোবরে।