লেন্সে আটকে পড়া দৃশ্যগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটোগ্রাফি ইজ মাই হবি’ প্রদর্শনীর কয়েকটি ছবি
ফটোগ্রাফি ইজ মাই হবি’ প্রদর্শনীর কয়েকটি ছবি

কৈশোর পেরোলেই তরুণেরা আগে গিটার কিনত, এখন কেনে ডিএসএলআর। এটাই নাকি তারুণ্যের বৈশিষ্ট্য। কিন্তু সেসব দিয়ে কী করে তাঁরা? একটা সময় পর্যন্ত এ যন্ত্রকে সঙ্গী করে, পরে ক্লান্ত হয়ে ফিরে যায় ছাপোষা জীবনে। কিন্তু যাঁরা ওই যন্ত্র আঁকড়ে পড়ে থাকেন, একটা সময় তাঁরাই হয়ে যান আলোকচিত্রশিল্পী। সম্প্রতি শখের আলোকচিত্রীদের তোলা ছবি নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারিতে হয়ে গেল প্রদর্শনী।

গত শুক্রবার বিকেলে গ্যালারির তৃতীয় তলায় ঢুকতে হলো খুব সাবধানে, যেন কারও গায়ে ধাক্কা না লাগে। ছবি দেখছিলেন এক ঝাঁক তরুণ। শুধু তাই-ই নয়, ছবির সঙ্গে ছবিও তুলছিলেন কেউ কেউ। বন্ধুর তোলা আলোকচিত্রটি গ্যালারির দেয়ালে, সে তো উদ্‌যাপনের মতোই এক আনন্দ। তাই সেটাকে ধরে রাখা চাই। দেয়ালে ঝোলানো একটি ছবির দিকে তাকিয়ে পাশের বন্ধুটিকে একজন বললেন, ‘এই ছবিটা বোধ হয় কোথাও দেখেছি। ফেসবুকে কে যেন পোস্ট করেছিল।’ ছবির একটু কাছে এগিয়ে দেখা গেল, দুটো শাপলা ফুল হাতে প্রাণোচ্ছল হাসির এক শিশু। ছবিটির নাম ‘ব্লুমিং ফ্লাওয়ার অ্যান্ড ব্লুমিং মাইন্ড’। প্রদর্শনীতে তরুণদের ‘ব্লুমিং’ সব ছবি আশা জাগায়, হতাশা তাড়ায়। তাঁদের ক্যামেরার লেন্সে আটকে পড়া বৈচিত্র্যময় দৃশ্যগুলোয় রয়েছে নান্দনিক ধারণা, বাংলার প্রকৃতি, প্রতিদিনের জীবনযাপন। সাধারণের দৃষ্টি সাধারণত এড়িয়ে যায় সেসব দৃশ্য। জানা গেল, প্রদর্শনী শুরুর সঙ্গে সঙ্গে তিনটি ছবি বিক্রি হয়ে গেছে। এর একটি এহসানুল হকের ‘জাম্প ওভার’। ডুবতে যাওয়া সূর্যের ওপর লাফিয়ে দাঁড়াতে চেষ্টা করছে এক কিশোর-তরুণদের প্রত্যাশারই বহিঃপ্রকাশ যেন।
প্রদর্শনীটির আয়োজন করে ফেসবুকভিত্তিক আলোকচিত্রীদের গ্রুপ ‘ফটোগ্রাফি ইজ মাই হবি’। এটি তাঁদের দ্বিতীয় প্রদর্শনী। ২০১৪ সালের মে মাসে যাত্রা শুরুর পর ২০১৫ সালে প্রথম প্রদর্শনীটি করেছিল তাঁরা। দ্বিতীয় এ আয়োজনে নিবন্ধনের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন শৌখিন আলোকচিত্রীদের। সেখানে ঢাকা, ঢাকার বাইরে ও দেশের বাইরের আলোকচিত্রীও আছেন। সব মিলিয়ে ৮৯ জন।
কথা হয় গ্রুপটির অন্যতম মডারেটর লিসান আসিব খানের সঙ্গে। শখের আলোকচিত্রীদের হয়ে তিনি জানান, ছবি বিক্রি বা পুরস্কারের টাকায় শৌখিন আলোকচিত্রীদের মন ভরবে না। তাঁদের ছবিগুলো বৃহৎ পরিসরে প্রকাশের ব্যবস্থা হলেই বরং তাঁরা অনুপ্রাণিত হবেন। হতে পারে দিনপঞ্জি বা সেই রকম কোথাও, যে মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে যাবে তাঁদের প্রিয় ছবিগুলো। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা আছে এই দলটির। প্রদর্শনীতে অংশ নেওয়া আলোকচিত্রীদের অনুপ্রাণিত করতে পুরস্কারের ব্যবস্থাও করেছে দলটি। দশটি বিভাগে দশ জন আলোকচিত্রীকে পুরস্কার দিলেন তাঁরা।
রোববার সন্ধ্যায় ফেসবুকভিত্তিক এ গ্রুপের অ্যাডমিনরা পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন-ফাহাদ ইমতিয়াজ, কে এম হাসান তারেক, মোহাম্মদ শাকিলুজ্জামান, প্রিতম পিকলু, রুবাইয়াৎ হোসেন সিদ্দিক, এস এম রিয়াজুল হক, সালাউদ্দিন আহমেদ, তাকি তাহমিদ, আকবর আলী ও অনিন্দিতা রায়।