লোকজ পরিবেশে লোকজ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন মঞ্চে গতকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসবের উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন মঞ্চে গতকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসবের উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ঢোকার আগেই দেয়ালে লাগানো পোস্টারে চোখে পড়ল ময়ূরপঙ্খি নৌকা। নৌকার দুই পাশে দুজন—মাথায় গামছা জড়ানো ছেলেটির হাতে বাঁশি আর চুলে খোঁপা, নাকে নোলক পরা মেয়েটি কোমরে কলসি নিয়ে মুগ্ধ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে। মিলনায়তনের ভেতরেও গ্রামীণ অনুষঙ্গ। মঞ্চে অতিথিদের আসন, বক্তৃতা দেওয়ার স্থানটিও বাদ যায়নি। অতিথিদের সামনে যে পানির পাত্র ছিল, সেটিও মাটির। ভেতর থেকে ভেসে আসছিল মোহনবাঁশির লোকজ সুর। সেই বাঁশির সুরের সঙ্গে যোগ হলো ঢোলের আওয়াজ। লোকনাট্যদলের সোনাই মাধব নাটকের একটি কোলাজ পরিবেশনা দিয়েই শুরু হলো ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
লোকনাট্যদলের সাড়া জাগানো নাটক ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সোনাই মাধব-এর ১৫০তম মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত ‘ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসবে’র উদ্বোধন হলো গতকাল বৃহস্পতিবার। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘শিকড় খুঁজি মাটির টানে প্রাণের মেলায়’ স্লোগানে শুধু ময়মনসিংহ গীতিকা অবলম্বনে প্রযোজিত নাটক নিয়ে বিষয়ভিত্তিক নাট্যোৎসবটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি নাসির উদ্দীন ইউসুফ, ঝুনা চৌধুরী ও আকতারুজ্জামান। লোকনাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ তথা ভারতের এবং বাংলাদেশের খ্যাতিমান নাট্যনির্দেশক বিভাস চক্রবর্তীর নেতৃত্বে উপস্থিত নাট্যব্যক্তিত্বরা। উৎসবের উদ্বোধনী বক্তৃতা আর প্রদীপ জ্বালানোর আগে ছিল সোনাই মাধব-এর অংশবিশেষ পরিবেশনা।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনা দস্যু কেনারামের পালা নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন রাসেল রানা।
উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার ১৫০তম মঞ্চায়ন হবে লোকনাট্যদলের সোনাই মাধব-এর। বিকেল পাঁচটা থেকে উৎসব প্রাঙ্গণের মুক্তমঞ্চে থাকছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের লোকসংগীতশিল্পীদের পরিবেশনা। এ ছাড়া উৎসব উপলক্ষে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে উন্মুক্ত মঞ্চে লোকসংগীত পরিবেশন করবেন শিল্পীরা।