লোকার্নো উৎসবে আগামীকাল 'আন্ডার কনস্ট্রাকশন'

সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস বিভাগে বাংলাদেশের ছবি প্রদর্শিত হচ্ছে—এই খবর এত দিনে জানা হয়ে গেছে অনেকের। এরই মধ্যে ইউরোপের প্রথম সারির এই উৎসবে প্রদর্শিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ও কামার আহমাদ সাইমনের ‘শুনতে কি পাও’। আগামীকাল মঙ্গলবার প্রদর্শিত হবে রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’। এ সময়ের ঢাকায় রয়া নামের একজন মঞ্চনাটকের অভিনেত্রীকে নিয়ে ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির গল্প। ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের শাহানা গোস্বামী ও রাহুল বোস।
এবারের উৎসবে আছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবির প্রদর্শনও। এর মধ্যে প্রদর্শিত হয়েছে ইশতিয়াক জিকোর ‘৭২০ ডিগ্রিজ’ এবং আবু শাহেদ ইমনের ‘কনটেইনার’।
মেহদি হাসানের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আই অ্যাম টাইম’ প্রদর্শিত হবে ১২ আগস্ট।
লোকার্নো চলচ্চিত্র উৎসবে ওপেন ডোরস কার্যক্রমের আওতায় প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের এসব ছবি। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় ওপেন ডোরস কার্যক্রম পরিচালনা করে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসব। ১৩ আগস্ট পর্দা নামবে লোকার্নো উৎসবের।
সূত্র: লোকার্নো চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট।