লেয়ার লেভিনকে কানাডায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসী মুক্তিযোদ্ধারা সম্মাননা প্রদান করছেন লেয়ার লেভিনকে
প্রবাসী মুক্তিযোদ্ধারা সম্মাননা প্রদান করছেন লেয়ার লেভিনকে

হৃদয় থেকে উঠে আসা আবেগ আর পরম মমতায় বাংলাদেশের জন্য ভালোবাসা ঢেলে দিলেন মার্কিন চলচ্চিত্রনির্মাতা লেয়ার লেভিন। দেশটির জন্মের সময়কার বেদনা আর পাকিস্তানিদের বর্বরতাকেও যেন নতুন করে জীবন্ত করে তুললেন তিনি। অকপটে উচ্চারণ করলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা যে বর্বরতা চালিয়েছে, হলোকাস্টের পর এমন বর্বরতা আর কোথাও হয়নি। তা সত্ত্বেও একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এটি অত্যন্ত লজ্জার।
৯ ডজ রোডের রয়্যাল কানাডীয় লিজিয়ন মিলনায়তনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধু মার্কিন চলচ্চিত্রনির্মাতা লেয়ার লেভিনের সংবর্ধনার আয়োজন করা হয় গত সপ্তাহে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। কানাডাপ্রবাসী বাংলাদেশি চলচ্চিত্রনির্মাতাদের সংগঠন ‘টরন্টো ফিল্ম ফোরাম’ এই অনুষ্ঠানের আয়োজক। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে আসা বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা নুরুন নবী তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অভিনন্দন জানান টরন্টো ফিল্ম ফোরামের প্রেসিডেন্ট এনায়েত করিম বাবুল।
টরন্টোর বাংলাদেশি কমিউনিটি ও প্রবাসী মুক্তিযোদ্ধাদের দেওয়া সম্মানে আবেগ আপ্লুত হয়ে ওঠা চলচ্চিত্রনির্মাতা লেয়ার লেভিন বলেন, তাঁর প্রতি যে সম্মান জানানো হয়েছে তাতে তিনি অভিভূত। চলচ্চিত্রনির্মাতা মনিস রফিকের পরিচালনায় এই পর্বে টরন্টো ফিল্ম ফোরামের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা লেয়ার লেভিন ও তাঁর স্ত্রীকে উপহার দিয়ে সম্মান জানান।
প্রসঙ্গত, মার্কিন চলচ্চিত্রনির্মাতা লেয়ার লেভিন ১৯৭১ সালে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার চিত্রায়ণ করেন। তাঁর গৃহীত ফুটেজ ব্যবহার করেই পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্র নির্মিত হয়।
এর আগে সোলায়মান তালুতের পরিচালনায় নতুন প্রজন্মের প্রতিনিধিদের মুখোমুখি হন লেয়ার লেভিন। তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আহমেদ হোসেনের উপস্থাপনায় এই পর্বে সংগীত পরিবেশন করেন নুরুল আলম লাল, মামুনুর রশীদ, নাহিদ কবির কাকলি, সুমন সাইয়েদ, শিখা রউফ, ফারহানা শান্তা। কবিতা আবৃত্তি করেন রেজা অনিরুদ্ধ, দিলারা নাহার বাবু, শহিদুল আলম টুকু, ইশাত আরা মেরুনা ও শরীফ হাসান শিশির।
বিজয়ের ৪৫ বছর উদ্যাপন ও বাংলাদেশের বন্ধু লেয়ার লেভিনকে সম্মাননা জানাতে টরন্টো ফিল্ম ফোরাম দুই দিনের অনুষ্ঠানমালা হাতে নেয়। আগের দিন অনুষ্ঠিত হয় বাংলাদেশকে উপজীব্য করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে উপজীব্য করে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। লেয়ার লেভিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সুখ দেব পরিচালিত নাইন মানথস টু ফ্রিডম, জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড, তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তির গান এবং লেয়ার লেভিনের সিনেমাটোগ্রাফি দেখানো হয়।