লোক নাট্যদলের দুটি নাটক মঞ্চে আসছে ২ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে একসঙ্গে দুটি নাটক মঞ্চে আনছে লোক নাট্যদল (বনানী)। নাটক দুটি হলো বৈকুণ্ঠের খাতা ও বশীকরণ। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। আগামী ২ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে রবীন্দ্রনাথের নাটক নির্মাণের জন্য ১৩টি দলকে অনুদান দেওয়া হয়েছে। কামরুন নূর চৌধুরী জানান, বৈকুণ্ঠের খাতা ও বশীকরণ নাটক দুটি এই অনুদান পেয়েছে। কামরুন নূর চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথের নাটকের ব্যাপারে আমাদের অনেকের মধ্যেই ভীতি কাজ করে। কারণ, গল্পটাকে সঠিকভাবে উপস্থাপন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেই ভীতিটাকে কাটিয়ে ওঠার জন্য রবীন্দ্রনাথের নাটক করার সিদ্ধান্ত নিয়েছি। শুরুতে দলের একেবারে নতুন নাট্যকর্মীদের দিয়ে বশীকরণ নাটকটি করিয়েছি। আর বৈকুণ্ঠের খাতাতে নতুন-পুরোনো নাট্যকর্মীরা অংশ নিয়েছেন।’বৈকুণ্ঠের খাতার ব্যাপ্তি সোয়া এক ঘণ্টা আর বশীকরণ নাটকের ৫০ মিনিট। সম্প্রতি নাটক দুটির কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।