লোক নাট্যদলের শিলচর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের শিলচরের বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন ‘রূপম’-এর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যোৎসবে আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশের নাট্য সংগঠন লোকনাট্যদল, তাদের দুটি জনপ্রিয় নাটক সোনাই মাধব ও বৈকুণ্ঠের খাতা মঞ্চায়ন ও বাংলার গান পরিবেশনের জন্য। লোকনাট্যদলের বন্ধুদের অনুরোধে আমিও তাঁদের ভ্রমণসঙ্গী। উদ্দেশ্য শিলচরভ্রমণ এবং রূপমের উৎসবটি কাছ থেকে দেখা।১ মার্চ রাত ১২টায় যাত্রা করে ২৮ সদস্যের দল বিয়ানীবাজার উপজেলার ‘শ্যাওলা’ সীমান্তে পৌঁছালাম সকাল নয়টায়। কিছু দূরে নো-ম্যানস ল্যান্ডের ওপারে দেখা যায় ভারতের সীমান্ত—কাঁটাতারের বেড়া। দাপ্তরিক কাজ সারতে সারতে এক ঘণ্টার ওপরে।আসামের সুতারকান্দি বর্ডারে ভারতীয় ইমিগ্রেশনে এক মহাবিপত্তি। কারণ এ ইমিগ্রেশনে সবার ছবি জমা দিতে হয়, দিতে হয় দশ আঙুলের এবং দুই হাতের ছাপ। এতেই লেগে যায় প্রায় দুই ঘণ্টা। ধৈর্যচ্যুতি ঘটলেও নিয়ম বলে কথা! তাই বলে এত কিছু—একটি নাটকের দলের সঙ্গে? কী আর করা! কিন্তু এতেই শেষ নয়, এরপর কাস্টমস, সেখানেও আরও দেড় ঘণ্টা। অবশেষে একসময় শেষ হলো সব প্রক্রিয়া। ভাগ্যিস রূপমের কর্মকর্তারা একটি বাস নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিলেন! শিলচর শহরে পৌঁছাতেবেজে গেল সন্ধ্যা ছয়টা। পৌঁছেই পেলাম রূপমের উষ্ণ অভ্যর্থনা। রাতের খাবার শেষে হোটেলে ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে সবাই ঘুম। পরদিন ৩ মার্চ, সকালের নাশতার পর মহড়া ও মঞ্চের প্রস্তুতি। সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের নাটকের প্রতি শিলচরবাসীর আগ্রহ। সন্ধ্যায় মিলনায়তনে দর্শকের উপচে পড়া ভিড়। নাটকের আগে প্রায় এক ঘণ্টার গানের অনুষ্ঠান ‘বাংলার গান’। অভূতপূর্ব সে সংগীতসন্ধ্যা। শুরু ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ দিয়ে। এটা শিলচরবাসীরও আবেগের জায়গা। কারণ, বাংলা ভাষার জন্য শিলচরবাসীও রক্ত দিয়েছেন। জানা গেল, ১৯৬১ সালের ১৯ মে বাংলাকে আসাম রাজ্যের অন্যতম প্রশাসনিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালায়, শহীদ হন ১১ জন বাঙালি। শিলচরবাসী আজও তাদের স্মরণে লেখে গান, কবিতা আর নাটক। এ যেন আমাদেরই বায়ান্নর পুনরাবৃত্তি। অভিজিৎ আর লেনিনের পরিচালনায় বাংলার গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করে শিলচরবাসী। এরপর নাটক সোনাই মাধব। বাংলাদেশের মৈমনসিংহ গীতিকা অবলম্বনে যাত্রা ও পদাবলী কীর্তনের এক অভূতপূর্ব সংমিশ্রণে নিরীক্ষাধর্মী আঙ্গিকে মঞ্চস্থ করেন লোকনাট্যদলের বন্ধুরা। শিলচরের বোদ্ধা নাট্যদর্শক—ছিলেন নাট্যকর্মী, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি, সাহিত্যিক, গবেষক আর সাধারণ জনগণ। সবার মুখে নাটকের ভূয়সী প্রশংসা। একজন নাট্যগবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন, ‘বাংলাদেশের মঞ্চনাটকের উচ্চমানের কথা আগেই শুনেছি। কিন্তু সোনাই মাধব দেখার পর আমার মনে হলো, শুধু মান নয়—এ এক নিজস্ব নাট্য-আঙ্গিক নির্মাণ করেছে লোকনাট্যদল, যা উপভোগ্য, আনন্দদায়ক।’ আরেকজন নারী দর্শক, যিনি নিজেও নাটক করেন বললেন, ‘শেষ দৃশ্যে আমি চোখের জল ফেলেছি—সোনাইয়ের মৃত্যুর দৃশ্য—মনেই হলো না একটি ছেলে এ চরিত্রে অভিনয় করেছে।’ পরদিন আরেকটি নাটকের মঞ্চায়ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীতে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত নাটক। যথারীতি নাটকের আগে এদিনও ‘বাংলার গান’ দর্শকদের হূদয় ছুঁয়ে গেল। তারপর নাটক। রবীন্দ্রনাথের নাটকের সত্যিকারের রসাস্বাদন করলেন শিলচরবাসী। কামরুন নূর চৌধুরীর নির্দেশনায় দুর্দান্ত অভিনয় করলেন নাটকের সব শিল্পী। দুটি নাটক এবং দলের সদস্যদের টিম ওয়ার্ক দর্শকদের মুগ্ধ করেছে। আমি নিজে লোকনাট্যদলের টিম ওয়ার্ক দেখে চমৎকৃত হয়েছি। তাদের নাটকের দর্শকপ্রিয়তা এবং প্রশংসা আমার ভ্রমণের সব ক্লান্তি, কষ্ট দূর করে দিয়েছে। সেদিন রাতে রূপম লোকনাট্যদলকে জানাল সংবর্ধনা এবং পরে প্রীতিভোজ। পরদিন ৫ মার্চ সকালে ফেরার আগে গান্ধী পার্কে ১৯ মের ভাষাশহীদদের শ্রদ্ধায় নির্মিত মনুমেন্ট পরিদর্শন, সবার ফুলের শ্রদ্ধা প্রদানও হলো। তারপর বিদায়। ঢাকায় রাত ১২টা নাগাদ। লোকনাট্যদলের শিলচর জয়ে সঙ্গে থাকতে পারার আনন্দ ভোলার নয়।