লোক সাহিত্য পুরস্কার

২০১২ সালের লোক সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি মাহবুব কবির ও লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার পায় অর্বাক।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০১২ সালে পুরস্কার তুলে দেওয়া এবং ২০১৩ সালের পুরস্কার ঘোষণা করা হয়। ২০১৩ সালের লোক সাহিত্য পুরস্কার পাবেন কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরী, শিল্পী শিশির ভট্টাচার্য্য প্রমুখ। ২০১১ সালের পুরস্কারপ্রাপ্ত কবি মুজিব মেহদীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন লোক পত্রিকার সম্পাদক অনিকেত শামীম। অতিথিরা কবি মাহবুব কবির ও অর্বাক সম্পাদক দ্রাবিড় সৈকতের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারের আর্থিক মূল্য হিসেবে মাহবুব কবির ২৫ হাজার টাকা এবং অর্বাক সম্পাদক ১০ হাজার টাকা পেয়েছেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নিয়ে ‘লোক’ ও ‘লিটলম্যাগ প্রাঙ্গণ’-এর দুটি বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ও লালনের গান শোনান আনন্দনের শিল্পীরা। ২০০৯ সাল থেকে এ পুরস্কার চালু করা হয়।