লোকগান নিয়ে আসছেন লোপামুদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামাবাড়ি বাংলাদেশের মাগুরায়, কিন্তু আগে কখনো আসা হয়নি লোপামুদ্রা মিত্রের। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় যখন তাঁর সঙ্গে কথা বলছি, তখন হাস্যোজ্জ্বল লোপা বলছিলেন মামাবাড়ির গল্প।‘মাগুরায় আমার মামার বাড়ি। এক মামা এখনো ওখানে আছেন। কিন্তু দুঃখের ব্যাপার, একবারও সেখানে যেতে পারিনি। মামার যখন বিয়ে হয়, তখন মা এসেছিলেন। তখনো ইছামতী নদীর ওপর সেতু হয়নি। নৌকা দিয়ে পার হয়ে যেতে হতো, কিন্তু বাবা আমাকে নিয়ে যেতে রাজি হননি। এই নদীকে ঘিরে অনেক গল্প শুনেছি। বাংলাদেশ অনেক দেখেছি। প্রতিমা বিসর্জন দেওয়ার সময় ইছামতী নদীর ওপার থেকে আগরতলা দিয়ে আসামে গিয়ে দেখেছি। এবার ইছামতী নদী পার হয়ে এসেছি, তবে আকাশপথে। এসে মনে হচ্ছে, আমার পাশের বাড়িতে এসেছি। গান গাইছি।’শুক্রবার সন্ধ্যায় তিনি গান করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘বিশ্বে বাঙালি’ শিরোনামের অনুষ্ঠানে। রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সুরলোক এবং ভারতের নবপ্রতিশ্রুতির যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে গান করেছেন দুই বাংলার রবীন্দ্রসংগীতের জনপ্রিয় শিল্পীরা।লোপামুদ্রা জানালেন, তাঁর বাবা প্রণব মিত্র ভালো গাইতেন। সাত বছর বয়সে লোপাকে ভর্তি করিয়ে দেন গীতবিতান শিক্ষায়তনে। সেই থেকে গান শেখা শুরু। রবীন্দ্রসংগীত। গীতবিতান থেকে পাস করার পর পশ্চিমবঙ্গ রাজ্যসংগীত একাডেমি থেকে বৃত্তি পেলেন। এখানে তিনি প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সুবিনয় রায় ও অরবিন্দ বিশ্বাসের কাছে গান শিখেছেন। এ ছাড়া বিভিন্ন সময় রীতা রায় ও অরুণ ভাদুড়ির কাছে খেয়াল, সুকুমার মিত্রের কাছে ভজন, নজরুলগীতি ও আধুনিক গান এবং দীর্ঘদিন সুভাষ চৌধুরীর কাছে শিখেছেন রবীন্দ্রসংগীত। লোপামুদ্রা শ্রদ্ধার সঙ্গে বললেন, ‘আমার জীবনের শিক্ষাগুরু সৌমেন চট্টোপাধ্যায়। তিনি বাবার অফিসের সহকর্মী। “বেণীমাধব তোমার বাড়ি যাব”, “সাঁকোটা দুলছে”সহ আমার বেশির ভাগ গান তাঁরই সুর করা। আমি যে গান গাই, যেভাবে গাই, তার পেছনের উদ্যোগী মানুষটি তিনি।’‘সাঁকোটা দুলছে’ গানটির কথা উচ্চারণ করার সময় বললেন, ‘দেখুন, আমার শরীর শিহরিত হয়ে উঠেছে।’লোপা বলেন, ‘আমার প্রথম অ্যালবামটি বের হয় ১৯৯৬ সালে এইচএমভি থেকে। নাম অন্য হাওয়া। পরের বছরই বের হয় রবীন্দ্রসংগীতের অ্যালবাম।’১৪ বছরে বের হয়েছে তাঁর ২০টি অ্যালবাম। এর মধ্যে রবীন্দ্রসংগীতের ১০টি। রয়েছে লোকগানের অ্যালবামও। জানালেন, এবার তিনি যে অ্যালবামটি করবেন, সেটা হবে লোকগান নিয়ে। বাংলাদেশের লোকগান।শুক্রবার মঞ্চে শুধু রবীন্দ্রসংগীতই শোনালেন। আটটি গান। দর্শকেরা তাঁকে আরও গান করার জন্য অনুরোধ করলে তিনি মজা করে বললেন, ‘একবারেই সব গান শুনিয়ে শেষ করে ফেলব? আমি অত বোকা নই। একবার এসেছি, এখন থেকে বারবার আসব।’