লোকগান শুনতে ঢাকায় পরমব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো সুধী সমাবেশে জুয়েল আইচ, বন্যা মির্জা ও অনিমেষ আইচের সঙ্গে পরমব্রত
প্রথম আলো সুধী সমাবেশে জুয়েল আইচ, বন্যা মির্জা ও অনিমেষ আইচের সঙ্গে পরমব্রত

গতরাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬’-এর দ্বিতীয় দিনের আসর । সেদিন নানা চমক নিয়ে মঞ্চে ছিলেন দেশ ও দেশের বাইরের জনপ্রিয় লোকগানের শিল্পীরা। তবে চমক শুধু মঞ্চেই ছিল না, ছিল দর্শকসারিতেও। উৎসবের দ্বিতীয় রাতের দর্শকসারিতে ছিলেন ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শুধু লোকগানের টানেই তিনি ছুটে আসেন ঢাকায়।


পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন কক্সবাজারে। সেখানে ভারতীয় অভিনেত্রী রিয়া সেনের সঙ্গে নতুন একটি ছবির শুটিংয়ে ছিলেন তিনি। গতকাল শুক্রবার শেষ হয় তাঁর অংশের শুটিং। কথা ছিল শুটিং শেষেই নিজ দেশে উড়াল দেবেন তিনি। কিন্তু লোকগানের উৎসবের খবর পেয়ে লোভ সামলাতে পারেননি পরম। গতকাল বিকেলেই তিনি কক্সবাজার থেকে উড়ে আসেন ঢাকায়। মুক্তির অপেক্ষায় থাকা পরমের প্রথম বাংলাদেশি ছবি ‘ভয়ংকর সুন্দর’-এর নির্মাতা অনিমেষ আইচের বাসায় ওঠেন।

লোকসংগীত উৎসবে বাঁ থেকে অভিনেতা অ্যালেন শুভ্র, পরমব্রত ও নির্মাতা অনিমেষ আইচ
লোকসংগীত উৎসবে বাঁ থেকে অভিনেতা অ্যালেন শুভ্র, পরমব্রত ও নির্মাতা অনিমেষ আইচ

গতকাল সন্ধ্যায় লোকগানের উৎসবে যাওয়ার আগে পরমের দেখা মেলে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে। সেখানেই কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘কাজ এবার মূলত কক্সবাজারেই ছিল। ঢাকায় তেমন বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু যখন শুনলাম ফোকফেস্ট আর প্রথম আলোর এই অনুষ্ঠানের কথা, তখন আর সুযোগটা মিস করলাম না। অনিমেষের সঙ্গে কথা বলে চলে এলাম। এসে মনে হচ্ছে বেশ ভালোই করেছি।’

শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে পরমব্রত ও ভাবনা অভিনীত ছবি ‘ভয়ংকর সুন্দর’। তা ছাড়া পরম অভিনীত আরেক ছবি ‘ভুবনমাঝি’ও মুক্তির জন্য প্রস্তুত। আজ ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর কথা রয়েছে। তবে সে আয়োজনে হয়তো অংশ নিতে পারছেন না পরমব্রত। কারণ, আজ শনিবার সকালেই আবার ভারতে ফিরে গেছেন তিনি।