গান যখন মরমে প্রবেশ করে, তখন প্রাণ আকুল হয়ে ওঠে। এই প্রাণ আকুল করা গান গেয়েছিলেন আবদুল আলীম। তাঁর গান শুনলে মনে হয় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষ বিনোদন খুঁজে পেত আবদুল আলিমের গানে। মানুষকে ধরে রাখার দারুণ ক্ষমতা এই মরমি গায়কের।গতকাল বুধবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শিল্পী আবদুল আলিমের ৭৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এভাবেই তাঁর মূল্যায়ন করেছেন। বাংলাদেশ লোকসংগীত পরিষদের আয়োজনে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পরিষদের সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মফিজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ। পরিষদের সহসভাপতি আকরামুল ইসলামের সভাপতিত্ব আলোচনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অনিমা মুক্তি গমেজ।এরপর সমবেত কণ্ঠে ‘ছাড়িলাম হাসনের নাওরে’ ও ‘নঙ্গর ছাড়িয়া নায়ের দে রে দে মাঝি ভাই’ গান দুটি দিয়ে শুরু হয়েছিল লোকগানের আসর। এরপর একক গানের পালা। ওহামা আক্তার ‘পরের জায়গা পরের জমি’, তৌহিদ সরকার ‘কে কথা কয়রে দেখা দেয় না’, চঞ্চলা দাস ‘পিঞ্জিরার পাখির মতন আমি তারে’, সন্তোষ কুমার দাস ‘আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালুহু’, আমান্না নিগার ‘উজান গাংগের নাইয়া’, মফিজুর রহমান ‘ঢেউ উঠেছে সাগরে রে কেমন পাড়ি’ গানগুলো পরিবেশন করেন। এ ছাড়া আবদুল আলিমের গাওয়া ‘হলুদিয়া পাখি সেনার বরণ’, ‘পার কর দিনের বন্ধু ভব সিন্ধু পার’, ‘ও যার আপন খবর আপনার হয় না’, ‘কোন ঘাটে ভাসাইয়ারে নাও’, ‘কেহই করে বেচা কেনা’, ‘নাইয়ারে নায়ের বাদাম তুইলা’, ‘এ সংসারে কেউ নয় আপন জনা’ গানগুলো পরিবেশন করেন শিল্পীরা। বাংলাদেশ লোকসংগীত পরিষদের আয়োজনে এটি ছিল ১০৩তম গানের আসর। শহুরে শ্রোতারা মাটির গন্ধমাখা গানের মুগ্ধ হয়েছিলে বৃষ্টিভেজা সন্ধ্যায়। প্রাণের খেলাধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের নিয়মিত গানের অনুষ্ঠান ‘প্রাণের খেলা’। এই অনুষ্ঠানে নানা আঙ্গিকের বাংলা গান পরিবেশিত হয়। গতকাল বুধবার ছিল শিল্পী সুমনা বর্ধন ও রেজওয়ানুল হকের পরিবেশনা। গানের আসর শুরু করেছিলেন রেজওয়ানুল হক। তাঁর গাওয়া গানগুলো ছিল ‘আমি এতো যে তোমায় ভালোবেসেছি’। এরপর গেয়ে শোনান ‘হারানো দিনের কথা মনে পড়ে যায়’, ‘ওগো বরষা তুমি’, ‘সুন্দরী গো দোহাই দোহাই’, ‘কফি হাউজ’, ‘ধরো কোন এক শ্বেতপাথরের’, ‘মিষ্টি একটা গন্ধ’, ‘ওকে আজ চলে যেতে বল না’ ইত্যাদি। এরপর সুমনা বর্ধন ‘পাখি তুই মেঘকে’, ‘আমি কি গান গাব যে’, ‘পরদেশী মেঘ’, ‘আমার বলার কিছু’, ‘এই করে চলে গেল’, ‘ভালবাসা অনেক বড়’, ‘রাতের মতো’, ‘এ দাসীরে’, ‘আমি নাই মরলাম’ গানগুলো গেয়ে শোনান।শিল্পাচার্য পুরস্কার ও জয়নুল পুরস্কার প্রদানশিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল বিকেলে গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে ‘শিল্পাচার্য পুরস্কার ০৮-০৯’ ও শিশু-কিশোরদের মধ্যে ‘জয়নুল পুরস্কার ০৯’ প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম। মোট ২২টি শাখায় অবদানের জন্য ২২ জন ব্যক্তিত্বকে প্রদান করা হয় শিল্পাচার্য পুরস্কার ০৮-০৯। সবশেষে ছিল ‘রাখাল বন্ধু’ শিরোনামে পালাগানের আয়োজন।সোনার বাংলা সাংস্কৃতিকবলয় নিয়ে সভাসোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকার সমন্বয়ে সোনার বাংলা সাংস্কৃতিকবলয় স্থাপন বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, শিল্পী হাশেম খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সংস্কৃতিসচিব সংস্কৃতিবলয়ের মূল কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।