লোকগানে মোহনীয় রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মাছিমপুর এলাকায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেঙ্গল সংস্কৃতি উৎসবের দ্বিতীয় দিনে হাসন রাজা মঞ্চে লোকসংগীত পরিবেশন করেন বাউল ভজন খ্যাপা l ছবি: প্রথম আলো
সিলেট নগরের মাছিমপুর এলাকায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেঙ্গল সংস্কৃতি উৎসবের দ্বিতীয় দিনে হাসন রাজা মঞ্চে লোকসংগীত পরিবেশন করেন বাউল ভজন খ্যাপা l ছবি: প্রথম আলো

সিলেটের একদিকে পাহাড়, অন্যদিকে হাওর। ভৌগোলিক বৈচিত্র্যের কারণে প্রকৃতির আপন খেয়ালেই এখানে কথা তৈরি হয়, সৃষ্টি হয় গান। যেখানে এমন লোকগানের পরিবেশ, সেখানে লোকগান না হলে কি জমে? তাই তো গতকাল বেঙ্গল সংস্কৃতি উৎসবের অনেকখানি জুড়ে ছিল দেশের নানা অঞ্চলের লোকগানের পরিবেশনা।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে যথারীতি সৈয়দ মুজতবা আলী মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে দ্বিতীয় দিনের উৎসব শুরু হয়। গতকাল প্রদর্শিত হয় জাহিদুর রহিম অঞ্জনের মেঘমল্লার চলচ্চিত্রটি। একই মঞ্চে সন্ধ্যা সোয়া সাতটায় সিলেটের কমলগঞ্জের নাট্যসংগঠন মণিপুরি থিয়েটার মঞ্চায়ন করেছে শুভাশিস সিনহা নির্দেশিত কহে বীরাঙ্গনা মঞ্চনাটক। মাইকেল মধুসূদন দত্তের কাব্য অবলম্বনে মঞ্চায়িত এ নাটকে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মঞ্চে আসেন লোকসংগীতশিল্পী ভজন খ্যাপা। বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলের এই শিল্পী চড়া কণ্ঠে শুরুতেই লালন সাঁইয়ের ‘গুরু আমারে কি রাখবেন করে চরণদাসী’ গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। তাঁর ঠাকুরদাদা ঝড়-শাহ ফকির ছিলেন লালন সাঁইয়ের প্রধান পাঁচ শিষ্যের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের বাবুল বিশ্বাসের কাছে তাঁর সংগীতে হাতেখড়ি হয়। ভজন মূলত অধ্যাত্ম ও দেহতত্ত্ব পর্যায়ের গান পরিবেশন করেন। গতকালও তিনি গাইলেন সে রকমের কিছু গান। ভজনের পরিবেশনার পর বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিল্পীদের দলীয় যন্ত্রসংগীত (তবলা) পরিবেশন করার কথা রয়েছে। এরপরই ভারতের বিশিষ্ট শিল্পী মনোময় ভট্টাচার্যের নজরুলসংগীত ও আধুনিক গান গাওয়ার কথা রয়েছে।
বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী এ উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত। পুরো উৎসব উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আবদুর রাজ্জাককে। উৎসবে গতকালই যুক্ত হয়েছে ‘জল পড়ে পাতা নড়ে’ শীর্ষক ‘কিডস কর্নার’। এখানে শিশুদের নানা ধরনের খেলার ব্যবস্থা রয়েছে।