
শরতের শেষ বেলায় গানে গানে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় গতকাল সোমবার ছিল তাঁর একক গানের অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় গানের পালা শুরু করেছিলেন তিনি। প্রায় দুই ঘণ্টা নেচে-গেয়ে জমিয়ে তুলেছিলেন অনুষ্ঠান।
এদিন কুদ্দুস বয়াতি পরিবেশন করেন জনপ্রিয় লোকসংগীত এবং বিভিন্ন পালার কিছু কিছু অংশ। পালাগুলোর কাহিনিসংক্ষেপও তুলে ধরেছেন গানের সূত্রে। ফলে পরিবেশনা বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। তাঁর পরিবেশনার মধ্যে ছিল ‘গ্রামের নওজোয়ান’, ‘আমার পাগলা ঘোড়া রে’, ‘কী সুন্দর মাইয়া’, ‘এই দিন দিন নয়’ এসব গান। গানের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সার্ক হস্তশিল্প মেলার অংশ হিসেবে। চিত্রশালা প্লাজায় গত রোববার থেকে শুরু হয়েছে ছয় দিনের সার্ক হস্তশিল্প মেলা। মেলা চলছে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।