লোকনাট্যদলের নতুন দুটি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সর্ধশততম জন্মবর্ষ উপলক্ষে লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী) মঞ্চে আনছে দুটি নতুন নাটক—রথযাত্রা ও ডাকঘর। রথযাত্রা নাটকের গল্পে পুরোহিত কিংবা রাজা-মন্ত্রী নয়, সাধারণ মানুষের জয়গান গাওয়া হয়েছে। থেমে থাকা মহাকালের রথটি চালাতে ব্যর্থ হয় পুরোহিত, রাজা, মন্ত্রী এবং সৈন্যসামন্ত। একদল সাধারণ মানুষের হাতে তা অত্যন্ত সাবলীলভাবে চলতে শুরু করে। ডাকঘর নাটকে অসুস্থ অমল কবিরাজের নির্দেশে ঘরে বন্দী। জানালার পাশে বসে কল্পনারাজ্যে অনবরত তার ঘুরে বেড়ানো এবং মুক্তির অন্বেষণ। অমল চরিত্রটির মধ্য দিয়ে মানবমুক্তির এক সাংকেতিক উপস্থাপনার চেষ্টা করা হয়েছে ডাকঘর নাটকে। দুটি নাটকই নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলি লাকী। লাকী বলেন, ‘এ পর্যন্ত আমরা লোকনাট্যদল থেকে রবীন্দ্রনাথের মোট ছয়টি নাটক করেছি। রবীন্দ্রনাথের সাধশততম জন্মবর্ষ উপলক্ষে এবার নতুন দুটি নাটক করেছি। সারা দেশেই এখন রবীন্দ্র-নাট্যচর্চার জোয়ার এসেছে। তবে এখন প্রয়োজন আন্তর্জাতিক পর্যায়ে রবীন্দ্র-নাট্যচর্চাকে তুলে ধরা।’তিন মাস ধরে নাটক দুটির মহড়া হচ্ছে। লাকী জানান, চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এ দুই নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে।