লোকনাট্যের নাট্যোত্সব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রাচীনতম নাটকের দল লোকনাট্য গোষ্ঠীর আজ ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে দলটি তিন দিনের অনুষ্ঠানমালা হাতে নিয়েছে। অনুষ্ঠানমালায় থাকছে নাটক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণী ব্যক্তিত্বদের সম্মাননা পদক প্রদানসহ নাট্যকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা। উত্সবটি চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উত্সবটি আজ উদ্বোধন করবেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি ও বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। এর আগে সকাল ১০টায় নাটক সরণিতে বের হবে দলীয় নাট্যকর্মীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যায় মঞ্চস্থ হবে মনোজ মিত্রের লেখা বাবুদের ডালকুকুরে। আগামীকাল একই হলে থাকছে মোহাম্মদ শহীদুল্লাহর লেখা অসত্যের মহোত্সব। উত্সবের শেষ দিন ১৬ জানুয়ারি মঞ্চস্থ হবে অগ্নিদূতের লেখা অন্ধকারের নিচে সূর্য। আর এ তিনটি নাটকের নির্দেশনা দিয়েছেন তাপস সরকার। শেষ দিন নাটক মঞ্চায়নের আগে চার গুণীজনকে সম্মাননা পদক প্রদান করা হবে। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।এদিকে লোকনাট্য গোষ্ঠী প্রতিষ্ঠার পর থেকে নাটকের পাশাপাশি যাত্রাও প্রদর্শন করে আসছে। দলের সাধারণ সম্পাদক তাপস সরকার বলেন, ‘আমরা নাটকের পাশাপাশি যাত্রাও করে আসছি। নাটক মা, মাটি আর মানুষের কথা বলে। সমাজ, মানুষকে সচেতন করতে সহায়তা করে। আর এই বিশ্বাস নিয়েই আমরা ৩২ বছর পথ চলছি।’একসঙ্গে বল সবে, একসঙ্গে চল সকলের মন সকলে জানহ্, সকলেরে বাস ভালো—এই মন্ত্র নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই দলটি একাধিক নাটক যাত্রাপালা দর্শকদের উপহার দিয়েছে। যার মধ্যে হে সুন্দর জাহান্নাম, অবস হাতে ক্ষ্যাপা বুলেট। যাত্রার মধ্যে আছে মা মাটি মানুষ, গঙ্গা থেকে বুড়িগঙ্গা, গরীবের মেয়ে, সিরাজ-উদ-দৌলা, আনারকলি প্রভৃতি।