লোকযাত্রায় গণসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকজ গণমাধ্যম হিসেবে যাত্রার প্রভাব অবিস্মরণীয়। সচেতন যাত্রাদলের মালিক, সংগঠক, শিল্পী, নির্দেশক যাত্রাপালাকে প্রতিবাদ-আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন। পালার ফাঁকে ফাঁকে গণসংগীত পরিবেশন করে যাত্রায় নতুন মাত্রা যোগ করছেন। খুলনার একটি সংগঠন গীতিনাট্য যাত্রায় ’৭১-এর লোককবির কবিতা থেকে ‘দিন দুই চার ট্রেনিং দিয়ে রাইফেল একটা কাঁধে নিয়ে কত লোকের জীবন নেছে, নাই কো তাহার গণনা—খানের বেটা ভাবল যেটা, সেটা হলো না’ গানটি নিয়ে পালায় ব্যবহার করছেন। গানটির রচক সায়ের কবি নঈমুদ্দিনের ছেলে আলি মিয়া (’৭১-এ নিখোঁজ হন)। অপর দিকে আরও একটি গণসংগীত ব্যবহূত হচ্ছে, ‘যে ইতিহাস রচি আমি রক্তে কেনা বাংলা মার/ হত্যা-খুনে করল বিরান আলবদর আর রাজাকার।’ গণমানুষকে উজ্জীবিত করার মতো আরও কিছু গান ওই সংগঠন নির্বাচন করেছে। তারা যাত্রাপালাকে দুর্যোগে-সংকটে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। আর খুলনার কুমারঘাটায় হচ্ছে প্রস্তুতি মহড়া। এটি ডুমুরিয়া থানার অন্তর্গত। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে এই গ্রামের কোনো লোক রাজাকারে যায়নি; এটাই তাদের গৌরব। সেই গৌরব ধরে রাখতে কুমারঘাটার মানুষ ‘আমরাই’ নামে একটি সংগঠনের মাধ্যমে জনসচেতনতামূলক কাজ করে আসছে এক যুগ আগে থেকে। শিল্পকলা একাডেমী থেকে যাত্রায় প্রশিক্ষণ নিয়ে যাত্রাকে গণমাধ্যম হিসেবে মঞ্চে এনেছে তারা। এখন ‘আমরাই’ সংগঠনের সব যাত্রাই মানে একদিকে অন্যায়-অসত্যের প্রতিবাদ, অন্যদিকে গণজোয়ার সৃষ্টি করা। সর্বশেষ পালাটি মঞ্চস্থ হলো স্থানীয় সাহস নোয়াকাটি বাজারে। মহুয়া নামের তিন ঘণ্টার পালা। নির্দেশক শিক্ষাবিদ শেখ লতিফ। পরিকল্পনায় ছালাম বুলবুল। গণসংগীতশিল্পী মোসলেম গায়েন। অন্যান্য কুশীলব হচ্ছেন রফিক খাঁ, ইরান, কাদের, বুলবুল, হাচান আলী, তরাব আলী, ময়না, অর্ণিকা, কুসুম প্রমুখ। ‘আমরাই’ এখন থেকে জনবহুল এলাকা, হাটবাজার, গঞ্জ এবং সুস্থধারার প্যান্ডেলে গান-বাজনা করবে। যাত্রাগুণীরা ‘আমরাই’ সংগঠনের প্রযোজনাকে ‘উঠোনযাত্রা’ বলে আখ্যা দিচ্ছেন।