লোকসংগীতে আব্বাসউদ্দীনকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান জমে উঠতে সময় লাগল খানিকটা। আয়োজক সংগঠন লোকসংগীত পরিষদের সদস্যরা একপর্যায়ে এসে পরিবেশন করেন একটি দলীয় সংগীত। শুরুতে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের অর্ধেকের বেশি আসন শূন্য থাকলেও আধঘণ্টার মধ্যে তা পূর্ণ হয়ে যায়। বাঁশি ও দোতারার সংমিশ্রণে লোকগানের টানে ছুটে এসেছিলেন অনেকেই। বিরহ-বেদনার মেলবন্ধনে গাঁথা ভাটি অঞ্চলের মায়াবী সুর সারাক্ষণ ছড়িয়ে ছিল মিলনায়তনজুড়ে। পুরো অনুষ্ঠানটি তন্ময় হয়ে উপভোগ করেন দর্শক। আগামীকাল ৩০ ডিসেম্বর আব্বাসউদ্দীন আহ্মদের মৃত্যুবার্ষিকী। কিন্তু এর দুই দিন আগে গতকাল মঙ্গলবার ওই দিনটি স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গান করেন লোকসংগীত পরিষদের শিল্পীরা।একটি একক গান পরিবেশনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ‘বাওঘুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’ গানটি পরিবেশন করেন এইচ কে হিমু। এরপর একে একে ‘সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া’, ‘আমার হাড় কালা করলাম রে’, ‘প্রাণসখি রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ‘আমার গলার হার খুলে দে ওগো ললিতে’, ‘আমি ভাবি যারে পাই না গো তারে’, ‘থাকতে পারঘাটাতে তুমি পারের নাইয়া’, ‘আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে’, ‘আমায় এত রাতে কেনে ডাক দিলি’, ‘নদীর কূল নাই কিনার নাই’ গানগুলো পরিবেশন করেন ইন্দ্রমোহন রাজবংশী, নাসিরন চৌধুরী, তাবাচ্ছুম রিয়া, জহিরুল হক চৌধুরী, লুৎফুন্নাহার মনিরা, মাহতাবউদ্দিন, লাইলী ইসলাম, সাবিনা ইয়াসমীন, সন্তোষ কুমার দাস, তামান্না নিগার, অনিমা মুক্তি গোমেজ, দীপ্তি রাজবংশী প্রমুখ।আব্বাসউদ্দীন আহ্মদের গানের ওপর তিন মাসের প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। গতকাল প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীদের সনদ দেওয়া হয়।জানুয়ারিতে ছবিমেলাআগামী জানুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব। ২১ জানুয়ারি বিকেল চারটায় জাতীয় নাট্যশালায় ছবিমেলার উদ্বোধন হবে। ষষ্ঠবারের মতো আয়োজিত এ মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় অংশ নেবে বাংলাদেশসহ ৩০টি দেশ। ছবিমেলার এবারকার প্রতিপাদ্য ‘স্বপ্ন’। গতকাল ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আলোকচিত্রি শহীদুল আলম। তিনি জানান, জাতীয় শিল্পকলা একাডেমীতে উদ্বোধনের পরে এ মেলা ছড়িয়ে পড়বে অলিয়ঁস ফ্রঁসেজ, এশিয়াটিক গ্যালারি, ব্রিটিশ কাউন্সিল অব ফাইন আর্টস, দৃক, গ্যেটে ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের লিচুতলায়। আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও এ আয়োজনে একই সময়ে কর্মশালা, দুটি পোর্টফোলিও মূল্যায়ন এবং গ্যেটে ইনস্টিটিউটে সপ্তাহজুড়ে প্রতি সন্ধ্যায় আলোচনা, সেমিনার ও বক্তৃতা চলবে। উদ্বোধনী দিনে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের আর্জেন্টাইন কৌঁসুলি ড. লুই মোরেনো-ওকাম্পোর সঙ্গে ভিডিও কনফারেন্স। উদ্বোধনী ও সান্ধ্যকালীন আয়োজন ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখা যাবে।সংবাদ সম্মেলনে শহীদুল আলম বলেন ‘এ বছরের বিষয়বস্তু স্বপ্ন, যা সব বাধার মুখেও আমাদের একত্র করে রাখে। আমাদের সব অপূর্ণ সাধের দিকে মনোযোগ ফেরায়, আমাদের স্বপ্নকে জিইয়ে রাখে। নিদারুণ বৈষম্যে ভরা দুনিয়ায় ন্যায়বিচারের পক্ষে আমাদের অবস্থান।’ নড়াইলে নাটক ‘সিদ্ধান্ত’নড়াইল প্রতিনিধি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্ররা গতকাল মঙ্গলবার রাতে নড়াইল শিল্পকলা একাডেমীর নতুন মঞ্চে বার্টল্ট ব্রেখট রচিত নাটক সিদ্ধান্ত বা দ্য মেজারস টেকেন পরিবেশন করেছেন। নাটকের সারমর্ম হলো, কয়েকজন বিপ্লবীর এমন এক সংকটাপন্ন পরিণতিকে নির্দেশ করে, যা এক তরুণ কমরেডের আবেগের সঙ্গে কমিউনিস্ট পার্টিও স্ট্র্যাটেজিক বিপ্লবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হয়ে ওঠে অতি সাংঘর্ষিক। আর পার্টি থেকে বিচ্যুত কিন্তু জনতার প্রতি মহাজাগতিক মমত্ববোধ সত্ত্বেও এই তরুণ কমরেডকে মৃত্যুর পরিণতি গুণতে হয়। এই মৃত্যু হত্যা নয়, আবার আত্মহত্যাও নয়।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লাবনী আকতার, নুসরাত শারমিন, মাহজাবীন ইসলাম, সৈয়দা ইফাত আরা, সুশান্ত কুমার সরকার, মো. মেহেদী তানজির, খান মো. রকিবুল ইসলাম। রাজশাহী থিয়েটারের লোকগীতি নৃত্য নাট্যোৎসবনিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহী থিয়েটারের রজতজয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার শেষ পর্যায়ে পাঁচ দিনব্যাপী লোকগীতি নৃত্য নাট্যোৎসবের শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নগরের কুমারপাড়া মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।গতকাল মঙ্গলবার উৎসবের দ্বিতীয় দিনে লোকসংস্কৃতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন নাট্যনির্দেশক নিতাই কুমার সরকার। পরে আয়োজক সংগঠনের শিল্পীরা লোকনৃত্য, চিত্রগীতি নৃত্য, গম্ভীরা এবং গাইবান্ধার সন্ধ্যা প্রদীপ সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা লোকনাট্য গীতলের আখড়া পরিবেশন করেন।