‘সাত বছর পরে আইলাম এই টিএসসিতে। খুবই ভালো লাগতেছে। আপনারা খুব জোরে একটা তালি দেন’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে আয়োজিত লোকসংগীত উৎসবে গান গাইতে এসে এভাবেই দর্শকের সঙ্গে পুরোনো যোগসূত্র স্থাপন করলেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী কাঙ্গালিণী সুফিয়া। সহজ কথায় দর্শক-শ্রেতাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করেন গান। নড়ে নড়ে বসলেন তাঁরা, সুরের ইন্দ্রজালে মুগ্ধ হতে বিলম্ব হলো না শ্রোতাদের।গতকাল রোববার সন্ধ্যায় টিএসসি চত্বরে সাংস্কৃতিক সংগঠন সান রেকর্ড আয়োজন করে লোকসংগীত উৎসব। আয়োজক সংগঠনটির যথেষ্ট পরিচিতি না থাকলেও তাদের আয়োজন শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছিল। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে কাঙ্গালিণী সুফিয়াকে সংবর্ধনা দেওয়া হয়।গ্রামীণ আবহে সাজানো হয়েছিল মঞ্চ। দোতারা আর ঢোলের উপস্থিতি দেখে দর্শক বুঝে নিয়েছেন লোক গানের আয়োজনে চলছে সেখানে। অনেকেই আগ্রহ নিয়ে বসলেনও। শুরুতে আলোচনা ও সংবর্ধনার পালা। এরপর বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী গাইতে শুরু করেন ‘সত্য বল সুপথে চল...’। গানের সুর কানে যেতেই আশপাশ থেকে চলে এলেন অনেকে। কিছুক্ষণের মধ্যে চত্বর পরিপূর্ণ হলো।অনুষ্ঠানে একে একে গান শোনান জনপ্রিয় শিল্পী ফরিদা পারভীন, কাঙ্গালিণী সুফিয়া, আকারামুল ইসলাম, নাদিরা বেগম, দীপা মণ্ডল, মিজানুর রহমান প্রমুখ। তাঁদের পরিবেশনায় ছিল ‘ভ্রমর কইও গিয়া’, ‘নেশা লাগিরে বাঁকা দুই নয়নে’, ‘সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইল’, ‘মাটির গাছে লাউ ধইরাছে’ ইত্যাদি। ছিল লালনগীতি, ভাওয়াইয়া, হাসন রাজা, রাধা রমণের গানসহ বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের ভাণ্ডার থেকে তুলে আনা জনপ্রিয় গানের পরিবেশনা।প্রকৃতির সজ্জায় বাংলাদেশ কোলে শিশু। পিঠে সাপের ঝুড়ি। ছুটে চলছে বেদে নারী। বেদে মা ও শিশুর ছবিটি এঁকেছেন তরুণ শিল্পী সোহাগ পারভেজ। স্থান পেয়েছে রাজধানীর শিল্পাঙ্গন গ্যালারিতে। গতকাল রোববার শুরু হয়েছে তাঁর একক চিত্র প্রদর্শনী ‘প্রকৃতি সজ্জায় বাংলাদেশ’।প্রদর্শনীর সমতল ও পাহাড়ের সৌন্দর্য নিয়ে ছবিগুলো এঁকেছেন শিল্পী। গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী হাশেম খান। বিশেষ অতিথি ছিলেন মুনতাসীর মামুন। অনুষ্ঠানে ‘প্রকৃতি সজ্জায় বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।শিল্পী রং-তুলির আঁচড়ে ক্যানভাসে তুলে ধরেছেন বুড়িগঙ্গা, পানাম নগর, রাঙামাটি, বান্দরবান, নিঝুম দ্বীপ, বেদে ও বেদে সম্প্রদায়ের বিচিত্র জীবন।প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তিনি প্রকৃতিকে বিনাশ করার দিকটিও তুলে ধরেছেন। সুনিপুণভাবে তুলে ধরেছেন বুড়িগঙ্গার দূষণের চিত্র। আরও তুলে ধরেছেন চোখজুড়ানো রাঙামাটি, নিঝুম দ্বীপের অপরূপ সৌন্দর্য। শীতে খেজুরগাছে রসে হাঁড়ি কিংবা ঐতিহ্যবাহী পানাম নগরও বাদ যায়নি তাঁর ক্যানভাসে।৪৩টি চিত্রকর্ম দিয়ে প্রদর্শনীটি সাজানো হয়েছে। ছবিগুলো বেশির ভাগই জল রঙে আঁকা। কিছু অ্যাক্রেলিক ও ড্রইং মাধ্যমের কাজও রয়েছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী।বিজয় উৎসব শুরু আজবিজয় দিবস আসন্ন। দিনটিকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতি জোটের বিজয় উৎসব শুরু হচ্ছে আজ সোমবার থেকে। বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করবেন ৪০ জন খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা। ‘জেনে নাও-শহীদ যোদ্ধা বীর/ যুদ্ধাপরাধীরা আবারও নতশির’ স্লোগান নিয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত একযোগে রাজধানীর ছয়টি মঞ্চে উৎসবের কর্মসূচি চলবে।জোট সূত্রে জানা গেছে, এবার কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে টিএসসির সড়কদ্বীপ, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, দনিয়া বর্ণমালা আদর্শ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এবার বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া শনির আখড়ায় বিজয় দিবসের দিনে বিশেষ অনুষ্ঠান হবে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা বের করা হবে। বিজয় উৎসবের অনুষ্ঠানে থাকবে নাটক, আবৃত্তি, নৃত্য, সংগীত, স্বরচিত কবিতাপাঠ, শিশু সংগঠনের পরিবেশনা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা।