লোপার রিপার্টরি থিয়েটার
‘বর্তমান পরিস্থিতিতে অনেক ছেলেমেয়েই থিয়েটারের প্রতি ভালোবাসা নিয়ে দলে আসে। কিন্তু একটা সময় তারা হতাশ হয়ে যায়। অনেকেরই থিয়েটারের স্বপ্ন ভেঙে যায়। আমি তো দীর্ঘদিন ধরেই থিয়েটার করে আসছি। এ ব্যাপার গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি। ছেলেমেয়েদের হাতে থিয়েটার করার মাধ্যমে যৎসামান্য অর্থ যদি তুলে দেওয়া যায়—সেই ভাবনা থেকেই রিপার্টরি করা।’ বলছিলেন আইরিন পারভিন লোপা। তিনি গড়লেন রিপার্টরি থিয়েটার দল। নাম নাট্যম রিপার্টরি। সঙ্গে আছেন নাট্যকর্মী জুনাইদ ইউসুফ, খন্দকার তাজনী নূর, শিশির রহমান, সাইদুর রহমান লিপন। লোপা বললেন, ‘আমরা এই কজন সমমনা মিলে পাঁচ বছর ধরে চেষ্টা চালিয়ে এসেছি। শেষ পর্যন্ত এ বছরের এপ্রিল মাসে দলটি গঠন করা সম্ভব হয়েছে। আমাদের ভাবনায় ছিল, পরিস্থিতির কারণে অ্যামেচার থিয়েটার নিয়ে এগোনো কঠিন হবে। কেননা, যাঁরা থিয়েটারে কাজ করতে আসছেন, তাঁদের হাতে তো কমপক্ষে রিকসাভাড়াটাও দল দিতে পারছে না। ফলে আমাদের এই চেষ্টার মাধ্যমে থিয়েটারকর্মীদের হাতে কিছু দেওয়া যায় কি না, সেটাই আমাদের প্রচেষ্টা। দেখা যাক সামনে কী অবস্থা দাঁড়ায়।’ইতিমধ্যে দলটি প্রথম প্রযোজনা হিসেবে দমের মাদার নামে একটি নাটক মঞ্চে এনেছে। নির্দেশনাও দিয়েছেন আইরিন পারভিন লোপা। তিনটি প্রদর্শনী হয়েছে ঢাকার মঞ্চে। আরও বেশ কয়েকটি রিপার্টরি দল কাজ করছে। এদের মধ্যে আছে থিয়েটারওয়ালা রিপার্টরি, বাঙলা থিয়েটার, জন্মসূত্র, দশরূপক, শূন্যন ইত্যাদি।