লোপেজের চমকে দেওয়া প্রামাণ্যচিত্র
নতুন প্রামাণ্যচিত্র। শিরোনাম জেনিফার লোপেজ: হার লাইফ হার জার্নি। দীর্ঘ একটা যাত্রা। আর এই যাত্রাপথে শুধু যশখ্যাতি নয়, লোপেজ হেঁটেছেন ভালোবাসার শিশিরভেজা আর্দ্র পথেও। আর তাই এই প্রামাণ্যচিত্রে বিশেষ আলো ফেলা হবে একাধারে মডেল, সংগীতশিল্পী এবং অভিনেত্রী লোপেজের প্রেমময় জীবনটাতে। প্রেমের ময়দানে খুব একটা ভালো খেলোয়াড় নন জেলো। তিন বিয়ের কোনোটাই টেকেনি। ব্যর্থ হয়েছেন বিয়ের আগেই ভেস্তে যাওয়া প্রেমগুলোতেও। বিখ্যাত প্রেমিকদের তালিকায় ছিলেন বেন অ্যাফ্লেক, পি ডিডির মতো মানুষেরাও। তৃতীয় স্বামী মার্ক অ্যান্টনির ঘরে যমজ সন্তান আছে তাঁর। পাঁচ বছর বয়সী সেই সন্তান দুটির নাম ম্যাক্স ও এম্মি। এই প্রামাণ্যচিত্রে একেবারে হূদয়-সিন্দুকের ডালা মেলে ধরেছেন। জেলো এমন অনেক তথ্য ফাঁস করেছেন ক্যামেরার সামনে, যা শুনে তাঁর কাছের বন্ধু-স্বজনেরাও নাকি চমকে উঠেছেন। ফলে তাঁর ভক্ত আর দর্শকদের চমকে দেওয়ার যথেষ্ট রসদ যে এতে থাকছে, সে তো বলাই বাহুল্য! পিটিআই।