কথায় আছে, দানে দানে তিন দান। কিন্তু ব্যাপারটা জেলোর কাছে খাটল না। তৃতীয় বিয়েতে এসেও সংসার টেকাতে পারলেন না জেনিফার লোপেজ। মার্ক অ্যান্থনির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁর। তাও তো এই বিয়ে আট বছর টিকেছে। ওজানি নোয়ার সঙ্গে জেলো ঘর করেছেন এক বছর, ক্রিস জুডের সঙ্গে দুই বছর। তিন-তিনবার ধাক্কা খেয়েও ভালোবাসা, প্রেম আর দাম্পত্য জীবনের ওপর কিন্তু এতটুকু শ্রদ্ধা উঠে যায়নি; বরং লোপেজ দৃঢ়ভাবেই বিশ্বাস করেন, ভালোবাসার জুয়া খেলায় ফতুর হওয়াতেও তৃপ্তি। ক্যাসপার স্মার্টের সঙ্গে বর্তমানে প্রেমে মত্ত লোপেজ তাই আবারও বিয়ের কথা ভাবছেন। সেটা বর্তমান প্রেমিককেই করবেন কি না, সেটি অবশ্য নিশ্চিত করেননি। তবে তাঁর হবু বরের কিছু যোগ্যতার শর্ত দিয়েছেন, ‘সবচেয়ে বড় গুণটা হলো, তাকে খুব ‘সুইট’ হতে হবে। লোপেজ বলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন দিক হলো, আপনি কখনোই ভালোবাসার ওপর আস্থা হারাবেন না, কখনোই না। এটা জীবনের সবচেয়ে সুন্দর দিকও। আপনি কখনো আস্থা হারাবেন না, হাল ছাড়বেন না।’ বিয়েতে অরুচিজেলো যখন চতুর্থবারের মতো বিয়ের ছাঁদনাতলায় যেতে প্রস্তুত; মিলা কুনিস ঠিক তখন অন্য প্রান্তে। মার্কিন এই অভিনেত্রী বিয়ের একেবারে ঘোর বিরোধী। হোম অ্যালোন দিয়ে বিখ্যাত হয়ে যাওয়া অভিনেতা ম্যাকাউলে কালকিনের সঙ্গে দীর্ঘ আট বছর প্রেম করেছেন। আংটিও বদল করেছিলেন। কিন্তু ‘আই ডু’ আর বলা হয়নি। বিয়েতে কুনিসের অরুচি যে অনেক পুরোনো। কালকিনের সঙ্গে প্রেমও আর নেই। বর্তমানে ‘সিঙ্গেল’ রিলেশনশিপ স্ট্যাটাসের অধিকারিণী বলছেন, ‘আমি সেই বিশেষ একজনকে খুঁজে পেতে চাই, কিন্তু বিয়ের ব্যাপারে এখনো নিশ্চিত নই। বিয়ের কোনো প্রয়োজন দেখি না। আমি কারও সঙ্গে থাকব, এর জন্য এক টুকরো কাগজের অনুমতির কোনো প্রয়োজন দেখি না। আমি তার সঙ্গে থাকব, কারণ তাকে আমি ভালোবাসি।’সৌন্দর্য বনাম জ্ঞানকে বলে সৌন্দর্য আর বুদ্ধিমত্তা পাশাপাশি থাকতে পারে না? যে রাঁধে, সে তো চুলও বাঁধে। কেট মস যেমন। ইংলিশ এই মডেল সম্প্রতি চমকে দিয়েছেন খ্যাতনামা পদার্থবিজ্ঞানী ব্রায়ান কক্সকে। চমকে দিয়েছেন, মুগ্ধও করেছেন। কক্স একটা টিভি অনুষ্ঠান করেন। ‘ওয়ান্ডার্স অব দ্য ইউনিভার্স।’ মহাবিশ্ব সম্পর্কে নানান প্রশ্নের উত্তর দেন কক্স। মস আর তাঁর নয় বছর বয়সী মেয়ে লিলা গ্রেস তাঁকে এমন কিছু প্রশ্ন করেন, কক্স রীতিমতো মুগ্ধ। ‘কেট মহাবিশ্ব সম্পর্কে বিস্তারিত অসাধারণ সব প্রশ্ন জিজ্ঞেস করছিল। ও আসলেই এ সম্পর্কে অনেক জানে। ওর মেয়েও কিছু প্রশ্ন করেছিল, যেগুলো ছিল জটিল। আমি সত্যিই মুগ্ধ’—বলেছেন কক্স। রা. হা.