লোভী কঙ্গনা!

‘লোভী এবং অসত্ না হওয়ার জন্য আমি নিজেকে নিয়ে গর্বিত।’—এমন উক্তি করেছিলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু চলতি মাসে মুক্তি পাওয়া ‘কুইন’ ছবির সাফল্যের পর হঠাত্ করেই দর বাড়িয়ে দিয়েছেন এ তারকা অভিনেত্রী। সুজয় ঘোষের ‘দুর্গা রানী সিং’ ছবিতে বিদ্যা বালান কাজ করতে রাজি না হওয়ায় ছবিটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কঙ্গনা। কিন্তু ছবিটিতে অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি সাড়ে তিন কোটি থেকে চার কোটি রুপি দাবি করেছেন।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, কঙ্গনা খুব ভালো করেই বুঝতে পারছেন বলিউডে তাঁর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। তাঁর জনপ্রিয়তাকে পুঁজি করে কাড়ি কাড়ি অর্থ উপার্জন করছেন ছবি কিংবা বিজ্ঞাপনচিত্রের নির্মাতারা। কাজেই দর বাড়ালে কঙ্গনাকে দোষী সাব্যস্ত করার কোনো কারণ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চলচ্চিত্র পরিচালক মন্তব্য করেছেন, ‘নিঃসন্দেহে বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা। কিন্তু তাই বলে পাহাড় সমান পারিশ্রমিক দাবি করে তিনি কি ঠিক করছেন! আমার মনে হয়, তিনি ভুল পথে হাঁটছেন।’
এদিকে হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের বিস্তর ফারাক নিয়ে অভিযোগ তুলে সম্প্রতি এক সাক্ষাত্কারে কঙ্গনা বলেছেন, ‘ছবির সাফল্যের কৃতিত্বের পাশাপাশি সব অর্থও পকেটে ভরছেন অভিনেতারা। তাঁদের পারিশ্রমিকের এক-তৃতীয়াংশও দেওয়া হয় না আমাদের। আমি মনে করি, চলচ্চিত্র শিল্পের এই বৈষম্য দূর করতে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের দায়িত্ব নিতে হবে। কাজের সঠিক মূল্যায়ন এবং শক্ত একটি অবস্থান নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে আমাদের।’