লোভে চঞ্চলের সঙ্গে জুটি হলেন রুহি
‘অবগুণ্ঠন’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের পরিচালনায় কাজ করেন র্যাম্প মডেল দিলরুবা ইয়াসমীন রুহি। সেলিমের পরিচালনায় নির্মিত এবারের ঈদের একটি খণ্ড নাটকেও অভিনয় করলেন রুহি। নাটকটির নাম ‘লোভ’। এতে রুহি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর বিপরীতে।এ প্রসঙ্গে রুহি বলেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি হয়ে এটিই আমার প্রথম অভিনয়। অবশ্য সেলিম ভাইয়ের অবগুণ্ঠন ধারাবাহিকেও আমাদের একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত চঞ্চল ভাইয়ের অন্য কাজের ব্যস্ততার কারণে আর সম্ভব হয়নি। এ নাটকে চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অন্যরকম।’নাটকের গল্প প্রসঙ্গে রুহি বলেন, লোভ নাটকে আমি মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। স্বামীর (চঞ্চল চৌধুরী) চাকরি সূত্রে গ্রাম থেকে শহরে আসি। কিন্তু হিসাবরক্ষক স্বামী শহরের নতুন অফিসে এসে হিসাবের ঝামেলায় পড়ে যান। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বউয়ের গয়নাও বিক্রি করতে হয় তাঁকে। সত্ মানুষ হওয়ার কারণে স্বামীকে নানা পরীক্ষার মধ্যে পড়তে হয়। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগোতে থাকে।লোভ নাটকে চঞ্চল চৌধুরী ও রুহি ছাড়া আরও অভিনয় করেছেন শেলী আহসান, সায়মন ও মনিকা।প্রসঙ্গত, লোভ নাটকটি ছাড়াও সামনের সেপ্টেম্বরে কলকাতার নির্মাতা মহুয়া চক্রবর্তীর পরিচালনায় গ্ল্যামার ছবির কাজ শুরু করবেন রুহি। এতে রুহির সহশিল্পী ইন্দ্রনীল।