লোহানের ১৪ দিনের কারাবাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের আদালত কক্ষটি লোকারণ্য। এসেছেন বিভিন্ন টিভি চ্যানেল, তথা গণমাধ্যমের কর্মীরাও। হাতকড়া পরানো লিন্ডসে লোহানকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। ভিড়ের ভেতর থেকে একজন বলে উঠলেন, ‘আমরা তোমাকে ভালোবাসি, মা।’ একসঙ্গে সব কটি টিভির ক্যামেরা ঘুরে গেল লোকটির দিকে। দেখা গেল, তিনি লোহানের বাবা মাইকেল লোহান। এক ভক্ত লোহানের মুখচ্ছবি আঁকা একটি টি-শার্ট পরে এসেছেন। তাতে লেখা, ‘এল-ইনোসেন্ট’, অর্থাৎ ‘লোহান নিষ্পাপ’। আইন-আদালত এসব আবেগের ঊর্ধ্বে। তাই গত মঙ্গলবার মার্কিন অভিনেত্রী, গায়িকা ও মডেল লিন্ডসে লোহানকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৬ জুলাই তাঁকে ৯০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার তা কমিয়ে ১৪ দিনে আনা হয়। মাতাল হয়ে গাড়ি চালানোর দায়ে ২০০৭ সালে পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। পরে জামিনে মুক্তি মেলে। আদালত শর্ত বেঁধে দিয়েছিলেন, মাদকবিরোধী কয়েকটি ক্লাস করতে হবে লোহানকে। কিন্তু ২৪ বছর বয়সী এই অভিনেত্রী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেননি। শর্ত ভঙ্গের দায়ে তাঁকে এখন জেল খাটতে হচ্ছে।মঙ্গলবার আদালত থেকে বের হওয়ার সময় ভক্তরা লোহানের হাঁটার পথে সোনালি কাগজের টুকরো ছিটিয়ে দিচ্ছিলেন। বেভারলি হিলস থেকে পুলিশের গাড়িতে করে লোহানকে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে লিনউডে নিয়ে যাওয়া হয়। সেখানে ৯৮ বর্গফুটের ছোট্ট একটি কামরায় টানা ১৪ দিন বন্দী অবস্থায় কাটাতে হবে তাঁকে। এর আগে কোকেন সেবন ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ৮৪ মিনিট জেল খেটেছিলেন লোহান। লিনউডের ওই কারাগারে একসময় প্যারিস হিলটন বন্দী ছিলেন। ওয়েবসাইট।