সকালে নাশতার টেবিলে বসে আলাপ হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে। দুজনেরই জীবনসূর্য হেলে গেছে অস্তাচলে। কিন্তু তার পরও স্ত্রীর মুখের মধ্যে সন্ধ্যার ম্লান আলোর মতো ঝিলিক দিয়ে যায় একটা রাশভারী ব্যক্তিত্ব। স্ত্রী বলছিলেন দুধের দাম যে দিন দিন বেড়েই চলেছে সে ব্যাপারে। স্বামী মুখে কিছুই বলছেন না। স্ত্রীর এই আচরণের সঙ্গে তিনি পরিচিত। ঠোঁটের কোণে প্রশ্রয়ের মৃদু হাসি। স্ত্রী কিন্তু ব্যাপারটি নিয়ে খুবই সিরিয়াস—এভাবে দুধের দাম বেড়ে গেলে চলবে কী করে!খুবই সাজানো একটি ছবি। কিন্তু সমস্যা একটিই, স্বামী চরিত্রটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। স্বামী আসলে আছে শুধুই স্ত্রীর কল্পনায়। স্ত্রী নিজেও ব্যাপারটি জানেন। আর তাই সকালে নাশতার টেবিলে কল্পিত স্বামীর সঙ্গে আলাপরত অবস্থায় হুট করে ঘরের মধ্যে এক পরিচারক ঢুকে পড়লে বেচারিকে বড় অসহায় দেখায়। তাঁকে দেখে মনে হয়, যেন স্কুলের ছোট্ট মেয়েটি, দুষ্টুমি করে সেটি লুকিয়ে ফেলার চেষ্টা করছে প্রাণপণভাবে। এভাবেই শুরু আয়রন লেডি ছবির গল্প। এ ছবিতে অভিনয় করেই অষ্টমবারের মতো গোল্ডেন গ্লোব জয় করলেন মেরিল স্ট্রিপ। রক্ষণশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধে সফলভাবে লড়ে যাওয়া—বিশ শতকে প্রবলভাবে পুরুষবাদী একটা সমাজের মধ্যে থেকেও ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে সফলভাবে দায়িত্ব পালন করা মার্গারেট থ্যাচার পেয়েছিলেন এ উপাধি। আয়রন লেডি। লৌহমানবী। কিন্তু সেই লৌহ পিঞ্জরের ভেতরে রক্ত-মাংসের একটা মানুষ আছে, আছে মানবিক গল্প। আছে উত্থান-পতনময় রাজনৈতিক জীবনে স্বামীর ছায়াসঙ্গী হয়ে থাকার প্রেমময় আবেগময় আখ্যান। জীবনের শেষ বেলায় এসে দাঁড়িয়ে এককালের লৌহমানবী, যিনি কিনা এখন মানসিকভাবে অসুস্থ, উদ্ভ্রান্ত; তাঁর চোখ দিয়েই তাঁর ফেলে আসা জীবনের গল্প বলছে পরিচালক ফিলিডা লয়েডের নতুন ছবি আয়রন লেডি। কেন্দ্রীয় চরিত্র মার্গারেট থ্যাচারের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ। এই ৬২ বছর বয়সে এসে প্রতিটি ফ্রেমের জন্য তাঁর পরিশ্রম সবাইকে আরও একবার বিস্মিত করেছে, মুগ্ধ করেছে। এবং ছবিটির প্রিমিয়ার শো দেখার পর বোদ্ধাদের সিংহভাগই এই বলে রায় দিচ্ছেন, ক্যারিয়ারে ১৭তম অস্কার মনোনয়ন অন্তত নিশ্চিত স্ট্রিপের জন্য! অর্থাৎ রেকর্ডটা আরও পোক্ত হচ্ছে তাঁর।কিসের রেকর্ড? এখন পর্যন্ত মাত্র দুটি অস্কার জিতলেও ১৬ বার মনোনয়ন পেয়েছিলেন। এটি নিয়ে আটবার গোল্ডেন গ্লোব জিতেছেন, মনোনয়ন পেয়েছেন ২৬ বার! চলচ্চিত্র ইতিহাসে এ দুই পুরস্কারে এত বেশি মনোনয়ন আর কেউ কখনো পায়নি। অভিনয় ক্যারিয়ারের চার দশক পূর্ণ করেও স্ট্রিপ এখনো অবিশ্বাস্য, বিস্ময়কর।তবে সবাই যে গালভরা প্রশংসাই করছে, তা-ও নয়। সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো, ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা থ্যাচার এখনো বেঁচে আছেন। তাঁর মানসিক অসুস্থতাকে আবেগময়ভাবেই উপস্থাপন করা হয়েছে, তার পরও সবাই সেটা সোজা চোখে দেখবে না, এটাই স্বাভাবিক। সমালোচকদের মধ্যে আছেন খোদ বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আবার সেই সময়ের শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যাঁরা, তাঁদের বক্তব্য—ছবিতে থ্যাচারকে মহিমান্বিত করে তোলার চেষ্টা করা হয়েছে। পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে থ্যাচার তো পুরুষবাদী আচরণই করে গেছেন। শ্রমিকদের শোষণের পথ প্রশস্ত করেছেন।সব সমালোচনার জবাব দিয়েছেন স্ট্রিপ। তিনি বলেছেন, ‘মানসিক ও শারীরিকভাবে খুবই নাজুক অবস্থায় আছেন এমন সময় তাঁকে নিয়ে ছবি বানানোয় অনেকেই আমাদের কঠোর সমালোচনা করছেন। অনেকেই বলছেন, তাঁর জীবনের এই অংশটা তুলে আনাটা লজ্জাজনক। আপনি যদি মনে করেন, জীবনের স্বাভাবিক পরিণতি মেনে ধীরে ধীরে বার্ধক্যে চলে যাওয়া; শারীরিকভাবে, মানসিকভাবে স্থিতি হারিয়ে ফেলা লজ্জাজনক—এসব জিনিস মানুষকে না দেখানোই ভালো, তবে সেটি লজ্জাজনক। কিন্তু আমি তা মনে করি না। আমি মনে করি, এটি মানুষের জীবনের একটি অংশ। আর তাই সেই জীবনের গল্পটিও মানুষকে জানাতে হবে।’ রা. হা.তথ্য: হলিউড রিপোর্টার