ল্যারি কিং সিএনএনে তাঁর লাইভ অনুষ্ঠানের ইতি টানছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত মার্কিন সাংবাদিক ল্যারি কিং সিএনএন টেলিভিশনে তাঁর নিয়মিত অনুষ্ঠানের ইতি টানছেন। এ বছরের শেষ দিকে সিএনএন টেলিভিশনে ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাবে। দীর্ঘ ২৫ বছর একই সময়ে একই টিভি চ্যানেলে দাপটের সঙ্গে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ল্যারি কিং। জটিল বিষয় নিয়ে সহজ-সরলভাবে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানের জন্য তিনি বিখ্যাত। গিনেস বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী এই টেলিভিশন-সাংবাদিক পৃথিবীর বিখ্যাত অনেক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছেন অবলীলায়। পেশাগত জীবনে ৫০ হাজারেরও বেশি ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়ে এখন অনেকটাই ক্লান্ত ল্যারি কিং। অতি সম্প্রতি তাঁর অনুষ্ঠানের জনপ্রিয়তায়ও কিছুটা ভাটা পড়েছে।৭৬ বছর বয়সী ল্যারি কিং গতকাল মঙ্গলবার আকস্মিক এক ঘোষণায় তিনি অনুষ্ঠানটি থেকে তাঁর সরে দাঁড়ানোর কথা জানান। ল্যারি কিং বলেন, পরিবারের জন্য সময় দেওয়ার জন্যই কাজের চাপ কমিয়ে আনতে হচ্ছে। নিয়মিত অনুষ্ঠান ত্যাগ করলেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিএনএনের জন্য অনিয়মিতভাবে অনুষ্ঠান করবেন বলে তিনি জানান। নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া ল্যারি কিং বেতার সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু করেন। ১৯৮৫ সালে সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার তাঁকে টেলিভিশন সাংবাদিতায় আসার আমন্ত্রণ জানান। সহজ ভঙ্গিমায় সাক্ষাৎকার গ্রহণের পারদর্শিতার জন্য ল্যারি কিং দ্রুত বিখ্যাত হয়ে ওঠেন।