লড়াইটা অপু, রোমানা, নিপুণ ও সাহারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছবি নিয়ে তারকাদের মধ্যে এক ধরনের কথার প্রতিযোগিতা শুরু হয় ছবি মুক্তির আগেই। আর তারকাদের পক্ষ-বিপক্ষ নিয়ে নির্মাতারাও বিভিন্ন শিবিরে বিভক্ত হয়ে পড়েন। নায়কদের মধ্যে শাকিব খান অপ্রতিদ্বন্দ্বীভাবে ঈদের লড়াইয়ে এগিয়ে আছেন। তবে এবার নায়িকাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। এবারের ঈদে অপু বিশ্বাসের একবার বলো ভালোবাসি ও জান কোরবান; সাহারা-নিপুণের টাইগার নাম্বার ওয়ান এবং রোমানার গরিবের ভাই নামের ছবিগুলো মুক্তি পাচ্ছে। এই চার নায়িকার মধ্যে রোমানার নায়ক হলেন ইমন। অন্য তিন নায়িকার নায়ক শাকিব খান।অপু জানিয়েছেন, বরাবরের মতো তাঁর ছবিগুলো দেশের বড় প্রেক্ষাগৃহগুলো পেয়েছে। ফলে এমনিতেই তিনি এগিয়ে আছেন।সাহারা মনে করেন, এ বছর তিনি এখন পর্যন্ত ব্যবসাসফল ছবি উপহার দিয়ে এগিয়ে আছেন। এবারের ঈদেও তাঁর টাইগার নাম্বার ওয়ান ছবিটি ব্যবসায়িক সাফল্য পাবে। নিপুণ মনে করেন, ঈদের দিন থেকেই তাঁর অভিনীত ছবি টাইগার নাম্বার ওয়ান ব্যবসায়িক সফলতা অর্জন করবে।রোমানার মতে, গরিবের ভাই ছবিটির গল্প মানুষকে খুবই ভালোভাবে আকর্ষণ করবে। ফলে ছবিটি সেরা ছবি হিসেবে বিবেচিত হবে।তবে শেষ পর্যন্ত কার জয় হয়, সেটাই এখন দেখার বিষয়। আর ঈদের ছবির ফলাফলই বলে দেবে ভবিষ্যতে সেরা নায়িকার পদটি কার দখলে যাচ্ছে। কারণ, ঈদের ফলাফল দেখেই ঈদের পরে নির্মাতারা তাঁদের ছবির নায়িকা নির্বাচন করবেন।