শংকর বললেন, এলেন বড্ড দেরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাম তাঁর মণিশংকর মুখোপাধ্যায়। কিন্তু চৌরঙ্গী, আশা-আকাঙ্ক্ষা ও কথামন্থনসহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা পশ্চিমবঙ্গের এই লেখক পাঠক মহলে কেবল শংকর নামেই পরিচিত। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর এই তিনটি বইয়ের বাংলাদেশি সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনারকক্ষে ছিল এই অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনা করেন অধ্যাপক আহমদ কবির, ইমদাদুল হক মিলন ও বই তিনটির বাংলাদেশে প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ।‘ওরা বলে—এসপ্ল্যানেড। আমরা বলি—চৌরঙ্গী। সেই চৌরঙ্গীরই কার্জন পার্ক। সারা দিন ঘুরে ঘুরে ক্লান্ত শরীরটা যখন আর নড়তে চাইছিল না, তখনই ওইখানেই আশ্রয় মিলল। ইতিহাসের মহামান্য কার্জন সাহেব বাংলাদেশের অনেক অভিশাপ কুড়িয়েছিলেন। সুজলা-সুফলা এই দেশটাকে কেটে দুভাগ করার বুদ্ধি যেদিন তাঁর মাথায় এসেছিল, আমাদের দুর্ভাগ্যের ইতিহাস নাকি সেই দিন থেকেই শুরু হয়েছিল।’ এভাবেই শুরু হয়েছিল শংকরের জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী। উপন্যাসটির বাংলাদেশের এই সংস্করণ ছিল ১০৭তম। এ থেকেই পাঠকমহলে শংকরের জনপ্রিয়তার প্রমাণ মেলে। অটোগ্রাফ শিকারিদের ভিড় আর পাঠকের সমাগমেই বোঝা যাচ্ছিল তাঁর প্রতি বাংলাদেশের পাঠকের আগ্রহ। কেন বাংলাদেশ থেকে বই প্রকাশ করা? এমন প্রশ্নের জবাবে শংকর প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে আসার পর আমি আমার যে বইটির ওপর অটোগ্রাফ দিয়েছিলাম, সেই বইটি ছিল পাইরেটেড। আমার বই এখানকার মানুষ পায়। কিন্তু সে বইগুলো চুরি করা। বাজারে চোর আছে বলে কি গয়না পরে বের হব না? আর তাই এখানকার প্রকাশকেরা আমার বই প্রকাশ করল। এবার বাংলাদেশের পাঠকেরা সুলভেই পড়তে পারবে।’শংকরের এই প্রথম ঢাকায় আসা। তাঁর প্রথম বই প্রকাশিত হয়েছিল ১৯৫৫ সালে। সেই বই এ দেশের পাঠক পড়েছেও। কিন্তু এত দেরি হলো কেন লেখকের বাংলাদেশে আসতে? তিনি বলেন, ‘আসলেই বড্ড দেরি হয়ে গেল। বই প্রকাশের পর থেকেই আমি জানতাম ঢাকায় ভালো পাঠক আছে। তবে কেন ১৯৫৫ থেকে ২০১০—এই ৫৫টা বছর লেগে গেল, তা আমিও জানি না। আমার একটা বদস্বভাব আছে। কেউ আমাকে টেনে না আনলে কিংবা ধাক্কা না দিলে আমি আসলে নড়ি না। এ দেশ চোখে দেখা না হলেও মনে দেখা হয়েছে। তবে শেষ পর্যন্ত চলে এলাম, তাতেই আনন্দ।’ পুরো অনুষ্ঠানে সবার আগ্রহ ছিল শংকরের প্রতি। অত্যন্ত বিনয়ী, সদাহাস্যোজ্জ্বল এই শক্তিমান লেখক কাউকে হতাশ করেননি। কথা বলেছেন, অটোগ্রাফ দিয়েছেন, ছবিও তুলেছেন। আর এ দেশের যে কয়জন পাঠক গতকাল ছিলেন, তাঁরা লুফে নিয়েছেন শংকরের সঙ্গে দেখা ও কথা বলার এক দারুণ সুযোগ। ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই চলে যান কলকাতার ওপারে হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, পড়াশোনা ও সাহিত্য সাধনার শুরু। জীবনের শুরুতে কখনো ফেরিওয়ালা, টাইপরাইটার ক্লিনার, কখনো প্রাইভেট টিউশনি, কখনো শিক্ষকতা অথবা জুট ব্রোকারের কনিষ্ঠ কেরানিগিরি করেছেন। এক ইংরেজের অনুপ্রেরণায় শুরু করেন লেখালেখি। শংকরের বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। সত্যজিৎ রায় তাঁরই কাহিনি অবলম্বনে নির্মাণ করেছেন জন অরণ্য ও সীমাবদ্ধ-এর মতো চলচ্চিত্র। সেই প্রসঙ্গে শংকর বললেন, ‘সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে।’ সবশেষে বাংলাদেশে নিজের বইয়ের প্রকাশনা উৎসবে শংকর বললেন, ‘আমার এ পর্যন্ত ৮০-৯০ খানা বই বেরিয়েছে। কিন্তু এই প্রথম কোনো বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হলো। বিনয় করে বলছি না, সত্যিই এর আগে কখনোই হয়নি।’ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির আমন্ত্রণে শংকর ছয় দিনের সফরে ঢাকা এসেছেন ১৯ অক্টোবর। সফর শেষ হবে ২৪ অক্টোবর। ওই দিন সকালে ঢাকা ত্যাগ করবেন বাংলা সাহিত্যের এই জনপ্রিয় লেখক।ইমপিরিয়াল কলেজে পাঠচক্র‘আলোকিত হও, আলো ছড়াও’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার ইমপিরিয়াল কলেজে সৃজনশীল সাহিত্য পঠন কর্মসূচির শুরু হলো। বেলা ১১টায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। এরপর ছিল আলোচনা। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, পাঠচক্রের আহ্বায়ক সেলিনা জেসমিন বক্তব্য দেন। পাঠচক্রের আওতায় শিক্ষার্থীরা আগামী দুই বছর ২৪টি বই পড়বে। এরই ভিত্তিতে বইগুলোর ওপর মূল্যায়ন পরীক্ষা হবে। যে যত বেশি বই পড়বে, সেই হিসাবে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা এই পাঠচক্রে অংশ নিয়ে ভালো বই পড়ার আশা প্রকাশ করেছে। পাঠচক্রের সহযোগিতায় রয়েছে ইমপিরিয়াল কলেজ বন্ধুসভা। অনুষ্ঠানের সমন্বয় করেন মোরশেদ আলম।দ্য টেস্টিমনি অব সিক্সটির বার্ষিকীপশ্চিমা এক ফটোসাংবাদিক ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন যুদ্ধের ছবি তুলতে। তুলেওছিলেন কিছু ছবি। কিন্তু একপর্যায়ে এই সাংবাদিক তাঁর ক্যামেরা গুটিয়ে রেখে দেন। পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও নির্মম অত্যাচার তাঁর পেশাদার মনকেও নাড়া দেয়। যোগ দেন বিশ্ববিবেককে জাগ্রত করার কাজে। সংকলন করেন বাংলাদেশের শরণার্থীদের নিয়ে হূদয়ে ঝড় তোলা দ্য টেস্টিমনি অব সিক্সটি। ১৯৭১ সালের ২১ অক্টোবর ব্রিটিশ সাহায্য সংস্থা অক্সফাম দ্য টেস্টিমনি অব সিক্সটি প্রকাশ করেছিল। তৎকালীন মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি ও মাদার তেরেসাসহ ৬০ জন বিখ্যাত প্রত্যক্ষদর্শী নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার ও শরণার্থীদের অবর্ণনীয় দুর্ভোগের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন এই টেস্টিমনি অব সিক্সটির মাধ্যমে।গতকাল বৃহস্পতিবার ছিল সেই আলোচিত দ্য টেস্টিমনি অব সিক্সটির প্রকাশনা বার্ষিকী। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিবারের মতো এবারও একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। জাদুঘর প্রাঙ্গণে এই অনুষ্ঠানে সেদিনের সংকলনটি কীভাবে ও কেন প্রকাশ করা হয়েছিল, সে সম্পর্কে বলেন এর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত জুলিয়ান ফ্রান্সিস।জুলিয়ান ফ্রান্সিস বলেন, ‘আমি তখন ২৬ বছরের যুবক। প্রায় ১০ মিলিয়ন বাংলাদেশি ৯০০ শরণার্থী শিবিরে ছিল। অবর্ণনীয় কষ্টের সে জীবন। কিন্তু এই সমস্যা তখনকার বিশ্ব-গণমাধ্যমের প্রথম পাতায় নিয়ে আসা কঠিন ছিল। অক্সফাম সদর কার্যালয় সিদ্ধান্ত নিয়েছিল, যেভাবেই হোক, এই মানবিক বিপর্যয় সম্পর্কে বিশ্বনেতাদের চোখ খুলে দিতে হবে এবং তাঁদের জাগিয়ে তুলতে হবে। প্রত্যক্ষদর্শীদের জবানি সংকলন করে প্রকাশিত হয় দ্য টেস্টমনি অব সিক্সটি।’অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী জানান, ১৯৭১ সালে এ দেশে কী ঘটেছিল এবং এ ধরনের অমানবিক ও বর্বর অধ্যায় যাতে বিশ্বে আর না ঘটে, সে জন্য গতকাল দ্য টেস্টমনি অব সিক্সটির কপি বিশ্বনেতাদের কাছে বিভিন্ন দূতাবাসের মাধ্যমে পাঠানো হয়েছে। অনুষ্ঠানের শেষ দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বেচ্ছাসেবীরা দ্য টেস্টমনি অব সিক্সটির বিভিন্ন অংশ অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন।