শওকত ওসমান স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিনি ছিলেন বাঙালি সংস্কৃতির সমর্থক আর স্বৈরতন্ত্র ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চারকণ্ঠ। রাজনীতিতে সক্রিয় না হয়েও রাজনৈতিক মতামত প্রকাশে ছিলেন স্পষ্টভাষী। ছিলেন সমাজসচেতন, সমাজের বিভিন্ন পরিবর্তনের ধারা সচেতনভাবে লক্ষ করতেন। বিচিত্র বিষয়ে লিখেছেন তিনি; একই সঙ্গে আঙ্গিক নিয়ে চালিয়েছেন নিরীক্ষা।’গতকাল শনিবার বিকেলে কথাসাহিত্যিক শওকত ওসমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ এ স্মরণসভার আয়োজন করে শওকত ওসমান স্মৃতি পরিষদ। প্রাবন্ধিক আহমদ রফিকের সভাপতিত্বে সভায় স্মৃতিচারণা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, অধ্যাপক ফাতেমা কাওসার, অধ্যাপক বুলবন ওসমান, মো. মাহ্বুবুর রহমান, ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।বাংলা সাহিত্যের স্বনামখ্যাত কথাশিল্পী শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রধানত গল্প ও উপন্যাস রচনা করে খ্যাতি অর্জন করেন। তবে প্রবন্ধ, নাটক, রম্য রচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থেও তিনি মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে জননী ও ক্রীতদাসের হাসি উল্লেখযোগ্য। সাহিত্যকর্মে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক ও বাংলা একাডেমী পুরস্কারসহ অনেক পুরস্কারে ভূষিত হন।