
খুব চেনা মুখ। চোখে মোটা ফ্রেমের চশমা। মুখে কাঁচাপাকা দাড়ি। মাথা ভরা চুল। কাঁধে শাল জড়ানো। কেমন যেন দার্শনিক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন একদিকে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের মূল প্রবেশপথে গতকাল বৃহস্পতিবার নতুন করে দেখা মিলল চেনা মুখটি, কথাসাহিত্যিক শওকত ওসমান সেখানে মূর্ত হয়েছেন শিল্পীর তৈরি বিশাল প্রতিকৃতিতে। গতকাল দুপুরে প্রতিকৃতিটি উন্মোচন করা হয়। গতকাল ছিল গুণী লেখক প্রয়াত শওকত ওসমানের ৯৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ।
গতকাল এই লেখকের জন্মবার্ষিকী উপলক্ষে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। একই আয়োজনে গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের প্রবেশদ্বারের পাশে এই কথাসাহিত্যিকের প্রতিকৃতির উন্মোচন করা হয়। শ্যামল ও সুষেন নামের দুই সহোদরের গড়া শওকত ওসমানের ম্যুরালটি উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
স্মরণসভায় আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, গণগ্রন্থাগারের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, সাবেক সচিব মিহির কান্তি মজুমদার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। সভাপতিত্ব করেন রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিক।
অনুষ্ঠানের সভাপতি আহমদ রফিক বলেন, ইতিহাস ও সমাজ বদলের একজন দায়বদ্ধ মানুষ ছিলেন শওকত ওসমান। সারাটি জীবন মানবতন্ত্রের নীতিগুলো অনুসরণ করেছেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ নির্মাণ এবং ন্যায্যতার পক্ষে এক সোচ্চার কণ্ঠস্বর ছিলেন শওকত ওসমান। রণজিৎ কুমার বিশ্বাস বলেন, অসংখ্য গল্প-উপন্যাস লিখলেও পরিণত বয়সে অনেক ছড়া লিখেছেন শওকত ওসমান। সেগুলো শুধু নিরেট ছড়া নয়, সেখানে থাকত বার্তা। আর মানুষ হিসেবেও ছিলেন খুব প্রাণোচ্ছল। শওকত ওসমান সম্পর্কে অনেকের অজানা একটি তথ্য দিয়ে রণজিৎ বিশ্বাস বলেন, ‘তিনি যে মহানায়ক উত্তম কুমারের ক্লাস শিক্ষক ছিলেন, এটা অনেকেরই অজানা।’
শওকত ওসমানের জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে। তাঁর প্রকৃত নাম ছিল শেখ আজিজুর রহমান। তিনি প্রধানত গল্প ও উপন্যাস লিখে বিশেষ খ্যাতি অর্জন করেন। তবে কবিতা, প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা, অনুবাদ, শিশুসাহিত্যেও তিনি মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। তিনি ১৯৯৮ সালের ১৪ মে ঢাকায় ইন্তেকাল করেন।
বছরব্যাপী শিশু চিত্রাঙ্কন কর্মশালা
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে গত ২৭ ডিসেম্বর শুরু হয়েছে বছরব্যাপী কর্মসূচি। এ কর্মসূচির ধারাবাহিকতায় আজ শুক্রবার থেকে বরেণ্য চিত্রশিল্পীদের তত্ত্বাবধানে ৫ থেকে ১৫ বছরের দুই শতাধিক শিশু প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে একাডেমীর জাতীয় চিত্রশালা ভবনে শুরু হবে কর্মশালা। প্রতি শুক্রবার থেকে শুরু হবে শিশু চিত্রাঙ্কন কর্মশালা। আজ কর্মশালার উদ্বোধন করবেন দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। কর্মশালাটি প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।