শওকত ওসমানের গল্প থেকে 'ফেরা'

‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’-এ অক্টোবর মাসে দেখানো হবে মোট চারটি নতুন ছবি। এগুলোর মধ্যে অন্যতম ‘ফেরা।’ ২৮ অক্টোবর শুক্রবার ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। খ্যাতিমান কথাসাহিত্যিক শওকত ওসমানের ছোটগল্প ‘দুই মুসাফির’ অবলম্বনে নির্মিত হয়েছে এ স্বল্পদৈর্ঘ্য ছবিটি।
নির্মাতা মাইনুল শাহিদ জানিয়েছেন, এর আগে যৌথভাবে আরও দুটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ও একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন তিনি। কিন্তু ‘ফেরা’ তাঁর আবেগমথিত এক স্বপ্নবাজির নাম। চলতি বছরের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রটির সম্পাদনা শেষ হয়েছে। তিনি বলেন, ‘চলচ্চিত্র একটি প্রাণান্ত চেষ্টার নাম। আমার এই চেষ্টায় নানাভাবে শামিল হয়েছেন আরও অনেকে। তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’ প্রথম চলচ্চিত্র নির্মাণ ও সেটির প্রদর্শনী নিয়ে শাহিদ বলেন, ‘নির্মাণের সব ত্রুটি ও সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সামর্থ্য আমার নেই। বাস্তবতা মেনে সেই চেষ্টা করেছি শেষ পর্যন্ত। সবাই দেখে প্রতিক্রিয়া জানালে বুঝতে পারব কতটা ভুলত্রুটি করেছি।’
২৮ অক্টোবর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ছয়টা থেকে নামমাত্র দর্শনীর বিনিময়ে দেখানো হবে নতুন চারটি ছবি। এগুলো হচ্ছে মোল্লা সাগর পরিচালিত প্রামাণ্যচিত্র ‘দাদু’, মাসুম বিল্লাহর স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘কমরেড’, ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য ‘মোমেন্টস’ ও মাইনুল শাহিদের ‘ফেরা’। ‘দাদু’ ছাড়া বাকি তিনটি ছবির উদ্বোধনী প্রদর্শনী এই দিন।