সাদা শ্মশ্রুমণ্ডিত, কাঁচা-পাকা লম্বা চুল। চোখে কালো ফ্রেমের চশমা। গায়ে চাদর জড়ানো। স্মিত হাসির এই মানুষটি শওকত ওসমান। গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এসেছিলেন ছবি হয়ে। সভাগতদের স্মৃতি ও মননে ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। লেখা এবং গৌরবময় কাজের মধ্য দিয়ে সারা জীবন সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধিতার পাশাপাশি শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন শওকত ওসমান। তাঁর সাহিত্য রচনায় বিষয় হিসেবে নানাভাবে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা। লিখেছেন অজস্র গল্প, কবিতা, উপন্যাস, নাটক, শিশুসাহিত্য ও প্রবন্ধ। গতকাল মঙ্গলবার ছিল সমাজমনস্ক এই লেখকের ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ। স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আলোচনায় অংশ নেন অধ্যাপক বুলবন ওসমান ও অধ্যাপক রফিকউল্লাহ খান। পিতৃ স্মৃতিচারণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী, রবীন্দ্র গবেষক আহমদ রফিক। জানেসার ওসমান নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয় স্মরণানুষ্ঠানে। পিতাকে স্মরণ করে ছেলে বুলবন ওসমান বলেন, ‘বাবার মধ্যে কখনোই তারুণ্যের ঘাটতি দেখেনি। বয়স কখনোই গ্রাস করতে পারেনি তাঁকে। আর ব্যক্তিজীবনে খুবই রসিক ছিলেন। নিজেকে নিয়েও রসিকতা করতে সংকোচবোধ করতেন না।’ বক্তারা বলেন, শওকত ওসমান শুধু সাহিত্যিকই ছিলেন না, সমাজসংস্কারকও ছিলেন। একই সঙ্গে তিনি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শ ও জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। তবে প্রবল আবেগী এই মানুষটি লেখালেখির ক্ষেত্রে নির্মোহ দৃষ্টিতেই সমাজ পরিবর্তনের পক্ষে কাজ করেছেন। এ ছাড়া জাতির যেকোনো দুর্যোগ মুহূর্তে তিনি ছিলেন সোচ্চার। স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি প্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন।নাট্যোৎসবে লক্ষ্মীপুরের ‘১৯৪৬’ ১৯৪৬ সাল। ব্রিটিশ ভারতে শেষ অধ্যায় যখন রচিত হচ্ছে, তখন নোয়াখালী জেলায় ঘটে যায় এক মানবিক বিপর্যয়। এক রাজনৈতিক সুবিধাভোগী উগ্র ধর্মান্ধ বিবেকবর্জিত ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এই কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করে। এতে যুক্ত হয় দীর্ঘ শোষিত-বঞ্চিত সাধারণ মানুষ, যাদের বঞ্চনার সঙ্গে পুঁজি করা হয় ধর্মীয় অনুভূতিকে। যুক্ত করা হয় চোর, ডাকাত, চরের লাঠিয়াল, লুটেরা, দুর্বৃত্ত শ্রেণীর লোককে। যারা সশস্ত্র হয়ে দাঙ্গায় প্রধান নিয়ামকের ভূমিকা রাখে। এই দাঙ্গায় পার্শ্ববর্তী তৎকালীন কুমিল্লা জেলার ফরিদগঞ্জ ও হাইমচর আক্রান্ত হয়। এ নিয়েই নাটক ১৯৪৬। শিল্পকলা একাডেমীতে ৯ মে থেকে চলছে ‘স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব’। গতকাল উৎসবের ষষ্ঠ দিনে একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় লক্ষ্মীপুর সরকারি কলেজ পরিবেশন করে নাটক ১৯৪৬।