
গত শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন ছিলেন কথাশিল্পী শওকত ওসমান। স্মিত হাসি লেগে থাকত মুখে সর্বক্ষণ। যেমন ছিলেন সুরসিক, তেমনি ছিলেন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে কঠোর মনোভাবাপন্ন মানুষ। শোষকের বিরুদ্ধে তাঁর লেখনী সোচ্চার ছিল সর্বদা। তাঁর ক্রীতদাসের হাসি উপন্যাস সর্বকালের স্বৈরশাসকদের বিরুদ্ধে গণজাগরণের প্রতীক হয়ে আছে।
গতকাল বুধবার এমনই মন্তব্য করেছেন আলোচকেরা শওকত ওসমানের ষোড়শ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায়। বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব খন্দকার আসাদুজ্জামান। পিতৃস্মৃতিচারণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সভাপতিত্ব করেন ভাষাসৈনিক ও রবীন্দ্রগবেষক আহমদ রফিক। স্বাগত বক্তব্য দেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই শওকত ওসমানের ওপর নূর আনোয়ার নির্মিত প্রামাণ্যচিত্র তন্দ্রাচারী প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন, শওকত ওসমান কখনো তাঁর বিশ্বাসের সঙ্গে আপস করেননি। ক্ষুরধার লেখনীর মধ্য দিয়ে তিনি ছদ্মবেশী, ভণ্ড ও কপটদের মুখোশ উন্মোচন করেছেন। বিভিন্ন ভাষায় তাঁর রচনা অনূদিত হয়েছে। বিশেষত জননী উপন্যাসটি বিশ্বসাহিত্যের অঙ্গনে স্থান করে নিয়েছে।
আলোচনার পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী অনুপ কুমার পাল, সাবহা ও শকুন্তলা।